May 18, 2026
সাভার: সাভারে কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মী ও খদ্দেরসহ ৪৪ জনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া ও সাভারের কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকায় তাদেরকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ সুত্র জানায়, দীর্ঘদিন ধরেই আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসী কিংডম এলাকায় বিনোদন পার্ককে কেন্দ্র করে গড়ে উঠা আবাসিক হোটেলগুলোতে কিছু অসাধু চক্র বিভিন্ন এলাকা থেকে আগত যৌনকর্মীদের দিয়ে অবৈধ দেহ ব্যবসা চালিয়ে আসছে। পবিত্র রমজান মাস উপলক্ষে ১ মাস বন্ধ থাকার পর ঈদের দিন থেকে তারা পুরোদমে ব্যবসা চালাচ্ছিল।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় আবাসিক হোটেলে দেহ ব্যবসার উপর আইনি নিষেধাজ্ঞা থাকায় মঙ্গলবার বিকেলে আবাসিক হোটেলগুলোতে অভিযান চালায় ডিবি পুলিশ।
এছাড়া ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের ওসি শাহীন শাহ পারভেজের নেতৃত্বে সন্ধ্যায় সাভারের শিমুলতলা এলাকার হোটেল নিউ সাভার ও বাজার বাসষ্ট্যান্ড এলাকার হোটেল নিরালা আবাসিকে অভিযান চালিয়ে যৌনকর্মী ও খদ্দেরসহ মোট ৪৪ জনকে আটক করে ডিবি পুলিশ। এসময় হোটেলগুলো থেকে বিপুল পরিমান জন্ম নিয়ন্ত্রন সামগ্রী জব্দ করা হয়েছে।
এর মধ্যে ৩৪ জন খদ্দের ও ১০ জন পতিতা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের ওসি শাহীন শাহ পারভেজ জানান, অবৈধ ব্যবসার যুক্ত থাকার অভিযোগে হোটেল ম্যানেজার, যৌনকর্মী ও খদ্দেরসহ ৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নীতিহীন ব্যবসা দমন আইনে (১৯৩৫) মামলার পর আদালতে পাঠানো হবে।