May 3, 2026
মেহদী হাসান বাবু: দর্শকপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান ও এই সময়ের তন্বী তরুনী অভিনেত্রী শারমিন জোহা শশী’র গ্রামের বাড়ি একই জেলায় অর্থাৎ রংপুরে। যে কারণে পেশাগত সম্পর্কের বাইরেও দু’জনের প্রতি দু’জনেরই মনের দিক থেকে এক অন্যরকম ভালোলাগা রয়েছে।
এর আগে তারা দু’জন তন্ময় তানসেন কিংবা গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় ধারাবাহিক নাটকে একসঙ্গে কাজ করলেও এবারই প্রথম তারা দু’জন আসছে ঈদ উপলক্ষ্যে একটি খ- নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘আবর্তন’। একটি বিদেশী গল্পের ছায়া অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটির চিত্রনাট্য এবং নির্দেশনা দিয়েছেন মোরশেদ হিমাদ্রী হিমু।
গত শুক্রবার রাজধানীর উত্তরার আনন্দ বাড়িতে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকে রিচি এবং শশী সতীনের চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন,‘ এক কথায় চমৎকার গল্পের একটি নাটক আবর্তন। খুবই ভালোলেগেছে আমার কাজটি করে। একদমই গতানগুতিক গল্পের নাটক নয়। আর শশীতো আমার এলাকারই ছোট বোন। খুব লক্ষী মেয়ে, তাঁর অভিনয় আমার নিজেরই অনেক ভালোলাগে। আমাদের দু’জনের অনবদ্য অভিনয় দর্শকের অনেক ভালোলাগবে আশাকরি।’
শারমিন জোহা শশী বলেন,‘ এটা আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার যে রিচি আপু’র সঙ্গে প্যারালাল চরিত্রে অভিনয় করতে পেরেছি। তাতে আমার যে উপকার হয়েছে সেটি হচ্ছে রিচি আপু’র কাছ থেকে অভিনয়ের আরো অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। ব্যক্তিগতভাবে আমি রিচি আপুর খুউব ভক্ত। তার ন্যাচারাল এ্যাক্টিং আমাকে মুগ্ধ করে। ’ উল্লেখ্য ‘আবর্তন’ নাটকে রিচি ও শশীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন হিন্দোল রায়। পরিচালক জানান আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। রিচি সোলায়মান ও শশী গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় ‘পাল্টা হাওয়া’ ধারাবাহিক নাটকে বর্তমানে অভিনয় করছেন। খুব শিগগিরই নাটকটি বাংলাভিশনে প্রচার শুরু হবে।
তারা দু’জন সর্বশেষ দোদুলেরই ‘হল্লাবাজি’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এদিকে রিচি আসছে ঈদ উপলক্ষ্যে রায়হান খান ও রওনক হাসানের নির্দেশনায় দুটি একক নাটকের কাজ শেষ করেছেন। তার প্রযোজনায় নির্মিত ধারাবাহিক নাটক রহমতুল্লাহ তুহিন পরিচালিত ‘যখন কখনও’ খুব শিগগরিই প্রচারে আসবে বলে রিচি জানালেন। তার অভিনীত রুলীন রহমান পরিচালিত ‘মায়ার খেলা’ ধারাবাহিক আরটিভিতে প্রচার হচ্ছে। এদিকে শারমিন জোহা শশী এরমধ্যে শেষ করেছেন এম আই জুয়েলের নির্দেশনায় ‘অ্যা জার্নি বাই পাস্ট’ নাটকের কাজ শেষ করেছেন। এছাড়া সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় তার অভিনীত ‘খড়কুটা’ ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে এরইমধ্যে ১১তম পর্ব প্রচার শেষ হয়েছে।