পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হচ্ছে

Posted on June 26, 2017 | in আন্তর্জাতিক | by

বাঁধনঃ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিক ও শরণার্থীদের প্রবেশে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, তার আংশিক কার্যকর হচ্ছে দেশটির সর্বোচ্চ আদালতের আদেশে।

এর ফলে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক না থাকলে ওই সব দেশের কেউ যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না।

গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার এক সপ্তাহের মাথায় ট্রাম্প কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়।
এরপর ৬ মার্চ সংশোধিত আদেশে তালিকা থেকে ইরাকের নাম বাদ দিয়ে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়মেনের নাগরিকদের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প।
পাশাপাশি সব শরণার্থীদের ওপর ১২০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা ১৬ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

কিন্তু তা কার্যকর হওয়ার আগে আটকে দেন ফেডারেল বিচারকরা।

দেশটির সুপ্রিম কোর্ট সোমবার ট্রাম্পের ওই আদেশ আংশিক কার্যকরে হোয়াইট হাউজের আবেদন মঞ্জুর করে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।

‘যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নেই এমন বিদেশি নাগরিকদের’ ক্ষেত্রে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে সর্বোচ্চ আদালতের আদেশে বলা হয়।
পাশাপাশি ট্রাম্পের এই নীতি বহাল থাকবে না বাতিল হবে সে বিষয়ে আগামী অক্টোবরে শুনানি নিয়ে সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আমেরিকার সর্বোচ্চ আদালত বলেছে, যেসব বিদেশির কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নেই তাদের প্রবেশে নিষেধাজ্ঞায় নিম্ন আদালতের স্থগিতাদেশ তারা বহাল রাখতে পারে না।

এ ধরনের কোনো বিদেশি নাগরিককে প্রবেশ করতে না দেওয়ায় আমেরিকার কোনো পক্ষের সমস্যা হবে না বলে মনে করছে আদালত।
নয় বিচারকের এই বেঞ্চের তিনজন ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকরের পক্ষে মত দিয়েছেন। এই আদালতের বিচারকদের মধ্যে পাঁচজনই ট্রাম্পের রিপাবলিকান পার্টি মনোনীত।

সূত্রঃ সিএনএন এবং বিবিসি

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud