পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সেই কার্ডিফে ‘প্রিয়’ প্রতিপক্ষের সামনে টাইগাররা

Posted on June 9, 2017 | in খেলাধুলা | by

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ‘প্রিয়’ প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ গজের লড়াই নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে ম্যাচটি জিততেই হবে টাইগারদের, একই সমীকরণ নিউজিল্যান্ডের বেলাতেও। যে দলই হারবে, নিশ্চিতভাবেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জিতলেও অপেক্ষা করতে হবে শনিবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচ পর্যন্ত। যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ইংল্যান্ড, তবেই কেবল আজকের বিজয়ী দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট কাটার সুযোগ পাবে।
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেখানে আইরিশরা ছাড়াও প্রতিপক্ষ হিসেবে ছিল নিউজিল্যান্ড। ওই সিরিজে কিউইদের বিপক্ষে দুটি ম্যাচের সর্বশেষ ম্যাচটি পাঁচ উইকেটে জিতেছিল বাংলাদেশ। কার্ডিফ জয়ের মধুর স্মৃতির পাশাপাশি ওই জয়ের আত্মবিশ্বাস নিয়েও মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

নিশ্চিতভাবেই চ্যাম্পিয়নস ট্রফির ডেথ গ্রুপে ছিল বাংলাদেশ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই তিন দল থেকে ‘সহজ’ প্রতিপক্ষ খুঁজে নিতে বলা হলে আসবে নিউজিল্যান্ডের নাম।

এছাড়া এমনিতেও কিউইরা বাংলাদেশের ‘প্রিয়’ প্রতিপক্ষ হয়ে আছে। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে জিম্বাবুয়েকে বাদ দিলে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে এই দলের বিপক্ষে। অঙ্কের হিসাবে সেটা ৯ ম্যাচ। এতদিন একটা আক্ষেপ ছিল শুধু নিজ দেশের মাটিতেই বাংলাদেশ হারাতে পেরেছে কিউইদের। গত ত্রিদেশীয় সিরিজে সেই আক্ষেপও দূর হয়েছে। সব মিলিয়ে তাই কিউইরা বেশ ভালোভাবেই বাংলাদেশের ‘প্রিয়’ প্রতিপক্ষ হয়ে আছে।

এছাড়া গেল ৬ মাসে বাংলাদেশ কিউইদের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছে। তাদের খেলার ধরন, শক্তিমত্তা, দুর্বলতা -বলা চলে প্রায় সবকিছুই বেশ ভালোভাবে জানা আছে বাংলাদেশের। তাইতো মাশরাফির কণ্ঠে আত্মবিশ্বাসের সুর, ‘গত ৬ মাসে নিউজিল্যান্ডের সঙ্গে আমরা ৫টা ম্যাচ খেলেছি। ওদের বোলিং আক্রমণ খুব ভালো। তবে আমাদের ব্যাটসম্যানরাও দক্ষ। ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারলে ভয়ের কিছু নেই।’
একেতো সোফিয়া গার্ডেন্স, বাংলাদেশের ঐতিহাসিক ভেন্যু। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র জয়টি এসেছে। সেই ভেন্যুতেই যখন ‘প্রিয়’ প্রতিপক্ষ নিউজিল্যান্ড, তখন আপনা থেকেই জয়ের স্বপ্নের উজ্জীবনী ভাবটা চলে আসে লাল-সবুজদের শিবিরে! নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সাক্ষাতেও বাংলাদেশই জিতেছিল, হয়তো অপেক্ষাকৃত দুর্বল দলটির বিপক্ষে। তাতে কী! বাংলাদেশ চাইলে ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডের সেই ম্যাচ থেকেও অনুপ্রেরণা নিতে পারে।

মাশরাফি অবশ্য জানাতে ভোলেননি তার সতীর্থরা কতটা উদগ্রীব হয়ে আছে ম্যাচটি নিয়ে, ‘ম্যাচ নিয়ে খেলোয়াড়দের মধ্যে রোমাঞ্চ কাজ করছে। ড্রেসিংরুমে আমি সেটা স্পষ্ট বুঝতে পারছি। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা অনেক ম্যাচ জিতেছি। এ ধরনের টুর্নামেন্টের দিকে সবার দৃষ্টি থাকে। তাই এ ম্যাচে জিতলে আনন্দ বহু গুণ বেড়ে যাবে। আমরা চেষ্টা করব ম্যাচটি নিজেদের সেরাটা দিয়ে জিততে।’

ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩০৫ রানের বড় স্কোর গড়েও জয় বঞ্চিত হতে হয়েছে বাংলাদেশকে। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাঁটু সোজা করে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। শুক্রবারের ম্যাচের আগে মাশরাফি তাই তার সতীর্থদের সতর্ক হতে বলেছেন।

ম্যাচটিতে একজন ব্যাটসম্যান কমিয়ে শুক্রবার বাড়তি একজন পেসার খেলানোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কোপটা পড়তে পারে মেহেদী হাসান মিরাজের উপরই। মিরাজকে বাদ দিয়ে তাসকিনকে একাদশে দেখা যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এছাড়া মোসাদ্দেক হোসেনকে সুযোগ দিয়ে ইমরুলকে বসানো হতে পারে। আর সেটা হলে সাব্বির রহমান তিন নম্বরে ব্যাটিং করবেন।

এদিকে গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষ পয়েন্ট টেবিলে কোণঠাসা কিউইরা। অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে নিউজিল্যান্ড। ওই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেও বৃষ্টির বাধায় জয়বঞ্চিত হয়। এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারে কোণঠাসা হয়ে পড়ে ব্ল্যাক ক্যাপরা। তাইতো আজকের ম্যাচটিতে তাদেরও জয়ের বিকল্প নেই।

বাংলাদেশের বিপক্ষে নতুনভাবে শুরু করতে চায় নিউজিল্যান্ড। দলটির বিস্ফোরক ওপেনার মার্টিন গাপটিল বলেছেন, ‘আমাদের সামনে এটি চ্যালেঞ্জ। আমাদের জিততেই হবে। সেই লক্ষ্যেই মাঠে নামব আমরা।’

কিউই সাবেক ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং অবশ্য এগিয়ে রাখলেন বাংলাদেশকে, ‘আমি বিশ্বাস করি, এই টুর্নামেন্টে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ আরও ভালো কিছু দেখাবে। অবশ্যই বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে।’

সূত্র : বাংলট্রিবিউন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud