May 2, 2026
টগবগ টগবগ শব্দে ঘোড়া ছুটছে দুর্দান্ত গতিতে। ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন অচিন দেশের এক রাজকুমারী। পথে এক জাদুকরের সঙ্গে তার দেখা। ঘোড়া থেকে নামলেন তিনি। এক পর্যায়ে জাদুকরের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে।
শুরু হয় দুই জাদুকরের মধ্যে শুভ ও অশুভ প্রতিষ্ঠার তীব্র লড়াই। শেষ পর্যন্ত কে জিতবে এই লড়াইয়ে? দেখতে হলে ঈদের আগের দিন চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়।
চ্যানেল আইতে ঈদের আগের দিন মানেই রেজানুর রহমানের নাটক। বিশিষ্ট নাট্যকার, পরিচালক রেজানুর রহমান এবারের ঈদে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘জাদুকর’। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে জাদুকরের ভূমিকায় ইরফান সাজ্জাদ ও রাজকুমারী চরিত্রে সামিয়া সাঈদ অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, হাফিজুর রহমান সুরুয, মাহবুবা রেজানুর, সুকর্ণ আহমেদ, মনি কাঞ্চনসহ বিভিন্ন নাট্য সংগঠনের একদল নিবেদিত প্রাণ নাট্যকর্মী। ক্যামেরায় ছিলেন ইকবাল ইব্রাহিম পলাশ।
বিশেষ অনুষ্ঠানমালার আওতায় ঈদের আগের দিন সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে।
সূত্র : বাংলাট্রিবিউন।