May 7, 2026
খুলনা: পৈশাচিক নির্যাতনে নিহত শিশু রাকিব হত্যা মামলার প্রধান আসামি শরীফ ও সহযোগী মিন্টুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় খুলনার মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাক আহমেদ।
এর আগে রোববার (৯ আগস্ট) দুপুরে শরীফ ও মিন্টুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে নিজেদের হেফাজতে নেয় খুলনা সদর থানা পুলিশ।
গণপিটুনির শিকার এ দুই আসামি গত সোমবার (০৩ আগস্ট) থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ৩ আগস্ট বিকেলে মোটরসাইকেলের হাওয়া দেওয়া কমপ্রেসার মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে তার পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এর মধ্যে বিউটি বেগমকে বৃহস্পতিবার (০৬ আগস্ট) থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শুক্রবার (০৭ আগস্ট) তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।