March 16, 2026
বিনোদন প্রতিবেদক : এক সময়ের দাপুটে অভিনেতা রিয়াজ আবার চলচ্চিত্রে ফিরছেন। তার কামব্যাক সিনেমার নাম ‘সুইটহার্ট’। এতে তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ‘আমার আছে জল’ খ্যাত নায়িকা বিদ্যা সিনহা মিম। স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তারা। সম্প্রতি ইউটিউবে প্রকাশ করা হয়েছে এই জুটির একটি গানের অডিও। কয়েকদিন পর আসবে ভিডিও।
‘কেন রে তোর মাঝে’ গানটি ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে ১১ জুন। কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ূন। সুদীপ কুমার দীপের লেখা গানের সুর-সঙ্গীতও হুমায়ূনের। গানটিতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন রিয়াজ। সঙ্গে আছেন মিম।
‘সুইটহার্ট’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। তিনি জানান, সিনেমার একাধিক গানের দৃশ্যধারণ করা হয়েছে থাইল্যান্ডের পাতায়ায়। রিয়াজ
ও মিমের অংশে এতে আরও অংশ নিয়েছেন বাপ্পি।
সিনেমায় এ প্রথম হলেও নাটকে একসঙ্গে দেখা গেছে রিয়াজ-মিমকে। ২০০৮ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার খেতাব জেতার পর ‘রহস্যময়ী’ নামে একটি নাটকে রিয়াজের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম। ৭ বছর পর একসঙ্গে অভিনয় প্রসঙ্গে মিম বলেন, ‘সিনেমার জনপ্রিয় অভিনেতা তিনি। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি।’
নতুন করে সিনেমায় অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘মাঝে চলচ্চিত্রে সময়টা ভাল ছিল না। তাই নিজের ব্যবসাতেই সময় বেশি দিয়েছি। এখন গল্প বেছে কিছু কাজ করব।’
সপ্তাহ দুয়েক আগে হাবিব-ন্যান্সির গাওয়া ‘সুইটহার্ট’ চলচ্চিত্রের ‘ভালো করে ভালোবাসাই হলো না’ শিরোনামের আরেকটি গানের অডিও প্রকাশ হয় ইউটিউবে।