May 1, 2026
এম এ মানিক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুুব হোসেন বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নরেন্দ্র মোদির সফরে ভারত সরকারের সমর্থন চাইবে বিএনপি। তিনি বলেন, বিএনপি ভারতবিরোধী দল নয়। বিএনপি হচ্ছে ভারতের প্রকৃত বন্ধু। সেই বন্ধুত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ই জুন বাংলাদেশ সফরে আসছেন। সফরে তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন বলে আমরা আশা করি। কিন্তু কোন গোষ্ঠীর সঙ্গে নয়। খন্দকার মাহবুব হোসেন বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। জিয়াউর রহমান পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে গেছেন। তিনি সব সময় ভারতের সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন।