May 6, 2026
বিনােদন: শাকিব খান প্রযোজিত প্রথম সিনেমা ‘হিরো দ্য সুপারস্টার’-এ নায়িকা ছিলেন অপু বিশ্বাস ও ববি। বদিউল আলম খোকনের পরিচালনায় তিন তারকার রসায়ন দর্শক ভালভাবেই গ্রহণ করে। সে সূত্রে ২০১৪ সালের ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেয় ‘হিরো দ্য সুপারস্টার’। আবারও খোকনের নতুন সিনেমা ‘রাজাবাবু’তে এক হচ্ছেন শাকিব, অপু ও ববি।
নির্মাতা খোকন দ্য রিপোর্টকে জানান, প্রধান তিন শিল্পীসহ অধিকাংশ শিল্পী-কলাকুশলী ‘হিরো দ্য সুপারস্টার’ সিনেমায় ছিলেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আলাদা ভাওয়াল পিকচার্স। শাকিবের মায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিতিকে। আগের সিনেমায় ঊজ্জ্বল থাকলেও এখানে থাকছেন না। অন্যদের মধ্যে আছেন সাদেক বাচ্চু ও মিশা সওদাগর।
‘রাজাবাবু’তে অভিনয় প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘শাকিবের সঙ্গে জুটি হিসেবে কাজ করছি দীর্ঘদিন। গল্পের প্রয়োজনে ববি থাকছে আমাদের সঙ্গে। আমার বিশ্বাস আগের সিনেমার সাফল্যকে ছাড়িয়ে যাবে এটি।’ ‘রাজাবাবু’ সিনেমার শুটিং আরও আগে শুরু হওয়ার কথা ছিল। শুরুতে আঁচলকে কাস্ট করা হলেও, তার স্থলাভিষিক্ত হয়েছেন ববি। ৫ জুন উত্তরায় শুরু হবে ‘রাজাবাবু’র দৃশ্যধারণ। এই লটে শুটিং হবে ২০-২৫ দিন। ঈদুল ফিতরের পর দেশের বাইরের শুটিং হবে। খোকন আরও জানান, মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন তারা। সিনেমার সব কয়টি গান লিখছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজন করবেন আলী আকরাম শুভ।