May 5, 2026
রিপাের্ট ডেস্ক : প্যারিসের রোঁলা গ্যাঁরোতে চলমান ফরাসী ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন রাশান সুন্দরী মারিয়া শারাপোভা ও ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। অন্যদিকে আসর থেকে বিদায় নিয়েছেন মার্কিন প্রমীলা টেনিস তারকা ভেনাস উইলিয়ামস।
প্রমীলা এককের প্রথম রাউন্ডের খেলায় এস্তোনিয়ার কাইয়া কানেপিকে ৬-২, ৬-৪ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন শারাপোভা। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ভিতালিয়া দিয়াচেনকো।
শারাপোভার মতোই প্রতিপক্ষের বিপক্ষে সরাসরি সেটে জয় পেয়েছেন দু’বার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাজয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা। স্পেনের মারিয়া-তেরেসা তরো-ফ্লোরকে ৬-২, ৬-১ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট হাতে নিয়েছেন আজারেঙ্কা।
তবে গ্র্যান্ড স্ল্যাম টেনিসের এই আসরের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস ও পোল্যান্ডের তারকা আগনিয়েস্কা রাদওয়ানস্কাকে। জার্মানীর আন্নিকা বেকের কাছে ২-৬, ৬-৩, ৬-১ সেটে হেরে গেছেন রাদওয়ানস্কা। আর ভেনাস ৭-৬ (৭-৫), ৬-১ সেটে হেরেছেন স্বদেশী স্লোয়ানি স্টিফেন্সের কাছে। ম্যাচে হেরে হতাশায় মুষড়ে পড়া ভেনাস ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে হাজির না হয়ে স্টেডিয়াম ত্যাগ করেছেন।
এদিকে পুরুষ এককের খেলায় আর্জেন্টিনার ফাকান্দো আরগুয়েল্লোর বিপক্ষে ৬-৩, ৬-৩, ৬-১ সরাসরি সেটে জয় পেযেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।
অপর এক ম্যাচে জাপানের ইওসিহিতো নিশিওকাকে ৬-০, ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন চেক প্রজাতন্ত্রের তারকা টমাস বার্দিচ।
মঙ্গলবার আসরের তৃতীয় দিনে নিজ নিজ প্রথম রাউন্ডের খেলায় কোর্টে নামার কথা আসরের অন্যতম ৩ ফেভারিট তারকার। এরা হলেন- বর্তমানে বিশ্বের এক নাম্বার প্রমীলা তারকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস, বিশ্বের এক নাম্বার পুরুষ তারকা সার্বিয়ার নোভাক জকোভিচ এবং এই আসরে পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।