May 3, 2026
ঢাকা: পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ করতে সমঝোতা স্মারক চুক্তি করেছে দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সুশাসন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিনি কনফারেন্স হলে এ সমঝোতা স্মারক চুক্তি হয়। দুদকের পক্ষে কমিশনের মহাপরিচালক ড. মোঃ শামসুল আরেফিন এবং টিআইবির পক্ষে সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান চুক্তিতে সই করেন। এ সময় দুদক চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান, কমিশনার মোঃ সাহাবুদ্দিন চুপ্পু ও ড. নাসিরউদ্দীন আহমেদ এবং সচিব মোঃ মাকসুদুল হাসান খানসহ উভয় সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, উ
ভয় সংস্থা পরস্পর আলোচনা সাপেক্ষে স্ব স্ব সামর্থ ও সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী যৌথভাবে বিভিন্ন প্রতিরোধ ও গবেষণা অ্যাডভোকেসি কার্যক্রমে পরস্পরকে সহায়তা করবে। স্থানীয় পর্যায়ে দুদকের সততা সংঘের তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে দুদক ও টিআইবি যৌথভাবে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে নানা দুর্নীতিবিরোধী কার্যক্রম গ্রহণ, বাস্তবায়ন ও মনিটরিং করবে। সমঝোতা স্মারকের অধীনে দুর্নীতি বিরোধী কাজ বাস্তবায়নে দুদক ও টিআইবি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য একজন করে ফোকাল পয়েন্ট নির্ধারণ করবে। টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুদকের সহযোগী প্রতিষ্ঠান সততা সংঘের সদস্যদের নৈতিকতা, দুর্নীতিবিরোধী যোগাযোগ কৌশল, তথ্য প্রযুক্তি, তথ্য অধিকার আইন ইত্যাদি বিষয়ে দুদক ও টিআইবি যৌথভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বলেন, শুধু বাংলাদেশ নয় বর্তমান বিশ্বের প্রতিটি দেশই দুর্নীতি দমনের পরিবর্তে প্রতিরোধে অধিকতর গুরুত্ব দিচ্ছে। এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুদক ও টিআইবি একত্রে দুর্নীতি প্রতিরোধে কাজ করলে জনসাধারণকে দুনীতির বিরুদ্ধে জাগিয়ে তোলা সহজ হবে।
দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ বলেন, আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে নতুন যাত্রা শুরু হলো। দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম, সুশীল সমাজ, বেসরকারি সংস্থাসহ সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রবৃদ্ধির উন্নয়ন, দারিদ্র বিমোচন তথা অর্থনৈতিক উন্নয়ন।
এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সুশাসন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়েই দেশ স্বাধীন হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জনগণকে প্রতিবাদী হতে সহায়ক পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশ থেকে দুর্নীতিকে চিরতরে নির্মূল করতে দুদকের গবেষণা ও প্রচারনামূলক কাজে টিআইবি সাধ্যানুযায়ী সহযোগিতা করবে।