May 5, 2026
জেলা প্রতিনিধি বগুড়া: সোমবার থেকে রাজশাহী ও রংপুর বিভাগে ডাকা পরিবহন ধর্মঘট সোমবার বিকেল ৩টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে সোমবার বিকেল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এ কারণে সোমবার বিকেল ৩টা পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বৈঠকে আলোচনা ফলপ্রসূ হলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হবে। অন্যথায় সোমবার বিকেল থেকে আবারও পরিবহন শ্রমিকদের কর্মসূচি শুরু হবে।
তিনি আরও জানান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাদের সাথে কথা বলে ধর্মঘট স্থগিত করার অনুরোধ করেছেন। সোমবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।
উল্লেখ্য, রাজধানীর তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মহাখালীতে শাহ ফতেহ আলী পরিবহনের বাস ভাঙচুর ও চালক-হেলপারকে মারপিট, মধুখালীতে সোহাগ পরিবহনে ডাকাতির ঘটনায় পুলিশ চালক ও হেলপারকে আটক করে নির্যাতন করার প্রতিবাদসহ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পরিবহন শ্রমিকরা কর্মবিরতির ডাক দেয়। শনিবার বিকেলে বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল রাজশাহী ও রংপুর বিভাগে পরিবহন ধর্মঘট কর্মসূচি ঘোষণা দেন।