May 5, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু ইস্যুতে যখন তোলপাড় পুরো বিশ্ব তখনই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে এক উদাহরণ সৃষ্টি করলো ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের একটি স্কুল।
কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে রাজকোট শহরের সামজি ভেলজি ভিরানী নামে ওই স্কুল গত এক মাস ধরে তাদের ফ্যান, লাইট, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রসহ প্রায় প্রতিটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করছে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে। স্কুলের ছাদে স্থাপিত এই সোলার প্রকল্পের ফলে একদিকে যেমন কমে এসেছে বিদ্যুৎ বিল অন্যদিকে রক্ষা পাচ্ছে প্রকৃতিও।
স্কুলের চেয়ারম্যান জয়নাথ দেশাই জানান, যেখানে আগে বিদ্যুৎ বিল মাসে ৬০ হাজার রুপি আসতো। সেখানে তা কমে ১৫ হাজারে নেমে এসেছে। এ প্রকল্পে সরকার ভর্তুকি দেয়ার কারণে রাজকোটসহ আশেপাশের শহর এই উদ্যোগ গ্রহণের ব্যাপারে উৎসাহী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।