May 4, 2026
এস এম মানিক: নির্বাচন কমিশনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যথারীতি প্রচারণায় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বুধবার সন্ধ্যার পর জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনের পক্ষে প্রচারণায় অংশ নেন তিনি। এসময় তার দল সমর্থিত বিভিন্ন কাউন্সিলর প্রার্থীদের পক্ষে ভোট চান তিনি। এর পর হাজারীবাগে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে তিনি লিফলেট বিতরণ করেন।
এরশাদের প্রচারণা চালানোর সময় কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে অবস্থা বেগতিক দেখে এরশাদের গাড়ি বহর দ্রুত এলাকা ত্যাগ করে।
এ ব্যাপারে দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুর কাছে সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে তিনি কোন কথা না বলে চলে যান।
এছাড়া মঙ্গলবার বিকালে সাড়ে তিনটার দিকে সিটি করপোরেশন নির্বাচনে জাপা সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন এরশাদ। তিনি ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমদ বাবুল ও দক্ষিণের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমদ মিলনের পক্ষে গণসংযোগ চালান এবং ভোট চান।
এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।
এর আগে রবিবার রাতে হুসেইন মুহম্মদ এরশাদকে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে অনুরোধ জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়। এ বিষয়ে গতকাল ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোরশেদের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।