May 1, 2026
শামীম হোসেন : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনে ২৪০ রানের টার্গেট ছুড়ে দিয়েছে পাকিস্তান। গত শুক্রবার প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করে পাকিস্তান।
পাকিস্তানের পক্ষে সাদ নাসিম ৭৭,ওয়াহাব রিয়াজ ৫১, হারিস সোহাইল ৪৪, আজাহার আলী ৩৬, মোহাম্মদ রিজওয়ান ১৩ রান করেন।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান সর্বোচ্চ ২ দুইকেট নিয়েছেন। এ ছাড়া মাশরাফি, আরাফাত সানি, রুবেল ও নাসির ১টি করে উইকেট পেয়েছেন।
ব্যাট করতে নেমে রুবেলের ৮ম ওভারের প্রথম বলে সারফরাজ আহমেদ মাত্র ৭ রান করে আউট হয়ে যান। সৌম্য সরকার অসাধারণ একটি ক্যাচ ধরে ৩৬ রানের মাথায় পাকিস্তানের প্রথম জুটি ভেঙে দেন। আরাফাত সানির ৯ম ওভারের শেষ বলে আরেকটি ধাক্কা খায় পাকিস্তানিরা। মাঠে নেমে মোহাম্মদ হাফিজ শূন্য রান করেই বিদায় নেন বোল্ড হয়ে। দলীয় রান তখন মাত্র ৩৭। এরপর থেকেই চাপে পড়ে যায় পাকিস্তানি দল। দলীয় ৫৮ রানের মাথায় আজহার আলীর উইকেটটি পড়লে চাপটা আরও বেড়ে যায় তাদের। সাকিবের বলে মুশফিকের কাছে কটবিহাইন্ড তুলে দেন আজহার। আরেক ব্যাটসম্যান ফাওয়াদ আলম মাত্র শূন্য রান করে বোল্ড হয়ে যান নাসিরের বলে। দলীয় ৭৭ রানের মাথায় মোহাম্মদ রিজওয়ান নিজন্ব ১৩ রান করে এলবিডব্লিউ এর শিকার হন সাকিবের ২২তম ওভারের ৩য় বলে।
বাংলাদেশ দলকে আজ নেতৃত্ব দিচ্ছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিষেধাজ্ঞা থাকায় প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি মাশরাফির। নড়াইল এক্সপ্রেসের প্রত্যাবর্তনে একাদশে জায়গা হারিয়েছেন পেসার আবুল হাসান রাজু।
তবে পাকিস্তান দলের কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছেন তারা।
বাংলাদেশ দল :
মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসাইন, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
পাকিস্তান দল :
মোহাম্মদ হাফিজ, আজহার আলী, হারিস সোহাইল, সাদ নাসিম, মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, সাঈদ আজমল ও রাহাত আলী।