May 3, 2026
নিউজ ডেস্ক: অতিরিক্ত ডিউটি করার জন্য ক্লান্ত হয়েছে পড়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডিউটির বিষয়ে জানতে চাইলে গুলশান কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ডিউটি করার জন্য ৩ টিম করা হয়েছে এবং প্রতিটি টিমে ১৬ জন করে পুলিশ সদস্য রয়েছে। আর প্রতিটি টিমকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতিটি টিমে ৮ জন পুলিশ সদস্য ডিউটি করবে, অন্য ৮ জন ১ ঘণ্টা বিশ্রাম করবে। ফলে ১ ঘন্টা পর পর ডিউটির সময় পরিবর্তন করা হয়।

তবে সরেজমিন ঘুরে দেখা গেছে, গুলশান কার্যালয়ের সামনে ডিউটি করা অবস্থায় ৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঠিক মত দাঁড়িয়ে থাকতে পারছে না এবং ঘুমে সবার চোখ বন্ধ হয়ে আসছে। অন্য ৮ জন সদস্যও বসে বসে ঘুমাচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, ভাই আমরা তো মানুষ, রোবট নই। তাই আমাদের ঘুমের প্রয়োজন আছে এবং কাজের সুনির্দিষ্ট সময় থাকা প্রয়োজন। কিন্তু কাজ যতটুকু করার কথা তার চেয়ে বেশি করছি। ফলে আমরা বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারছি না এবং ডিউটিও ঠিক মত পালন করতে পারছি না।
খাবারের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমরা ডিউটিতে আসার সময় টিফিনে করে খাবার নিয়ে আসি। তবে ওই খাবারে তৃপ্তি হয় না। কারণ সকালের রান্না করা খাবার যদি দুপুরে কিংবা রাতে খাই তাহলে সেই খাবারের রুচিও নষ্ট হয়ে যায়। ফলে তিপ্তি নিয়ে খাবার খেতে পারি না। ফলে শরীরও দুর্বল হয়ে যায়। সুত্র….ঢাকাটাইমস