April 30, 2026
ঢাকা: রাজধানী ও গাজীপুরের রেললাইনে মাত্র ২৪ ঘণ্টায় পাওয়া গেছে পাঁচটি লাশ। এদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। হতভাগ্যদের নাম-পরিচয় এই প্রতিবেদন
লেখা পর্যন্ত পাওয়া যায়নি। রেল পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল রোববার বেলা দুইটা থেকে আজ সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এসব লাশ পাওয়া যায়। কমলাপুর রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, গতকাল বেলা দুইটার দিকে গাজীপুর মৌচাকে রেললাইনে অজ্ঞাত পুরুষের লাশ পাওয়া যায়। এর পর রাত আটটার দিকে মালিবাগ রেলক্রসিংয়ে এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে জোয়ারসাহারা রেলক্রসিংয়ে এক পুরুষের লাশ পাওয়া যায়। আজ সকাল নয়টার দিকে দয়াগঞ্জ রেলক্রসিংয়ে আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা চারজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ৩০ বছর বয়সী এক পুরুষ মারা যান। লাশটি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি আবদুল মজিদ। তিনি আরও জানান, শীতের কারণে মাথায় টুপি ও অনেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটার কারণে এ ধরনের ঘটনা হয়তো ঘটে থাকতে পারে।