May 2, 2026
আন্তর্জাতিক ডেস্ক: এ বছর টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে ‘এবোলা’ আক্রান্ত রোগীদেরকে সাহায্য করা স্বাস্থ্যকর্মীরা। প্রাণঘাতী ইবোলা ভাইরাসের বিরুদ্ধে ক্লান্তিহীন লড়াই করে চলা স্বাস্থ্যকর্মীদের অসাধারণ প্রচেষ্টাকে এবার টাইম ম্যাগাজিন ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত করেছে। বুধবার এই ‘ইবোলা যোদ্ধা’দের অসাধারণ সাহস ও সেবার স্বীকৃতিস্বরূপ ম্যাগাজিনের সম্পাদক ন্যান্সি গিবস তাঁদের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা দেন। বর্ষসেরা তালিকায় ইবোলা যোদ্ধাদের পরেই যুক্তরাষ্ট্রের ফার্গুসনে কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদকারীরা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পপ গায়ক টেইলর সুইফট, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, কুর্দি নেতা মাসউদ বারজানি, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের কমিশনার রজার গুডেল এবং চীনা উদ্যোক্তা ও আলিবাবা কম্পানির প্রতিষ্ঠাতা জ্যাক মার নাম রয়েছে। পারসন অব দ্য ইয়ার ঘোষণায় ন্যান্সি গিবস বলেন, ইবোলা একটি যুদ্ধ এবং একটি সতর্কবার্তা। বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থা এখন জীবাণুঘটিত ছোঁয়াচে রো -প্রতিরোধে যথেষ্ট শক্তিশালী। কিন্তু আফ্রিকায় এবোলার আক্রমণ সেই বিশ্বাসে চির ধরিয়েছে।

ইবোলা সেখানে প্রতিদিন হাজারো জীবিত ব্যক্তিকে হুমকি দিচ্ছে। বাকি পৃথিবী সেই হুমকি টের পাচ্ছে না সেই সব ক্লান্তিহীন যোদ্ধার কারণে, যাঁরা অসম সাহসিকতা এবং সংকল্প নিয়ে এবোলাকে মোকাবিলা করছেন। প্রচ্ছদ প্রতিবেদনে এবোলার বিরুদ্ধে যুদ্ধ করছে এমন বেশ কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পরিচালক টম ফ্রিদেন যেমন রয়েছেন, তেমনি রয়েছেন অ্যাম্বুল্যান্সচালক ফদে গাল্লাহ। প্রতিবেদনে ফ্রিদেন অভিযোগ করেছেন, প্রথম দিকে এবোলার ভয়াবহতাকে আমলে নেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরে এটি ভয়াবহ হুমকি হয়ে দেখা দিলে সংস্থাটির টনক নড়ে। ১৯২৭ সাল থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিন বছরের সেরা প্রভাবশালী ব্যক্তি কিংবা ঘটনাকে ‘পারসন অব দ্য ইয়ার’ অভিধায় অভিহিত করে। ম্যাগাজিনটি তাদের বর্ষ শেষ সংখ্যায় বর্ষসেরা ওই ব্যক্তি বা ঘটনাকে প্রচ্ছদ প্রতিবেদনে স্থান দেয়।