পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ট্যাঙ্কারডুবিতে একশ’ কোটি টাকার ক্ষতি: বনবিভাগ

Posted on December 10, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

মংলা প্রতিনিধি: সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী জাহাজ ডুবির ঘটনায় ১০০ কোটি টাকার জলজ ও প্রাণীজ সম্পদের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছে বন বিভাগ। দুর্ঘটনার পর মঙ্গলবার রাতে মংলা থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্থানীয় বন বিভাগের এক কর্মকর্তা। ট্যাঙ্কার ডুবে নদীতে তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি।  দুর্ঘটনার পর মংলা থানায় জিডি করেছেন বনবিভাগের পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশনের কর্মকর্তা আবুল কালাম আজাদ। জিডিতে তিনি বলেন, শেলা নদীতে ট্যাঙ্কার ডুবে তেল ছড়িয়ে পড়ায় প্রায় একশ’ কোটি টাকার জলজ ও প্রাণীজ সম্পদের ক্ষতি হয়েছে।
BC-09-12-14-D_21
এদিকে জাহাজটির মাস্টার মোখলেসের কোনো খোঁজ বুধবার দুপুর পর্যন্ত পাননি উদ্ধার অভিযানে থাকা কোস্ট গার্ড সদস্যরা। তারা নিখোঁজ মাস্টারের সন্ধানে সুন্দরবনের বিভিন্ন নদ নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এ ছাড়া সমুদ্র পরিবহন অধিদপ্তরও তিন সদস্যের কমিটি গঠন করেছে। অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন পরিদর্শক রাখা হয়েছে। ডুবে যাওয়া ওটি সাউদার্ন স্টার-৭ নামের ট্যাংকারটি উদ্ধারে দুটি নৌযান নিয়ে কাজ শুরু করেছে মালিক প্রতিষ্ঠান মেসার্স হারুণ অ্যান্ড কোং। আপাতত দুটি নৌযান দুই দিক থেকে ট্যাংকারটিকে আটকে রেখেছে, যাতে সেটি পুরোপুরি তলিয়ে না যায়।

এছাড়া বিআইডব্লিউটিএর ‘প্রত্যয়’ ও ‘নির্ভিক’ নামে দুটি উদ্ধারকারী জাহাজ বরিশাল ও নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। নৌবাহিনীর খুলনা অঞ্চলের কমান্ডার মনীর মল্লিক জানান, জাহাজে ডুবুরি থাকলেও তেল সরানোর মতো আধুনিক সরঞ্জাম তাদের নেই। ফলে সনাতন পদ্ধতিতে তেল সরানোর চেষ্টা চলছে। ওটি সাউদার্ন স্টার-৭ গোপালগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল। মঙ্গলবার ভোর ৫টার দিকে ‘টোটাল’ নামে একটি কার্গো জাহাজের ধাক্কায় সাউদার্ন স্টারের একপাশের খোল ফেটে যায় এবং সেটি ডুবতে শুরু করে।
ট্যাংকারটির প্রায় সব ফার্নেস অয়েল বেরিয়ে মঙ্গলবারই সুন্দরবনের শেলা নদীর অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে বলে বন কর্মকর্তারা জানান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud