April 21, 2026
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরে টঙ্গীর জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রের ৫ শিশু কিশোর নিজেদের শরীর ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করেছে। মঙ্গলবার সকালে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত কিশোর ফয়সাল, আশরাফুল, নয়ন, সোহেল ও নয়ন লকাপ রুম থেকে বের হয়ে নিজেরা নিজেদের শরীর ব্লেড দিয়ে কেটে ক্ষতবিক্ষত করে। পরে সকাল ৯টার দিকে তাদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। টঙ্গী হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, কেন্দ্র থেকে ৫কিশোরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সকাল ১১টায় আবার কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হয়। এ ব্যাপারে কিশোর অপরাধী সংশোধনী কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই কিশোররা সকাল বেলা লকাপ রুম থেকে বের হয়ে নিজেরা নিজেদেরই শরীর কেটে রক্তাক্ত জখম করে। উল্লেখ্য, টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে সাজাপ্রাপ্ত কিশোররা বিভিন্ন অজুহাতে মারামারি ছাড়াও নিজেদের শরীর নিজেরাই কেটে রক্তাক্ত করার মত ঘটনা ঘটাচ্ছে।