পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘কারো দিকে না তাকিয়ে যথাযথ ব্যবস্থা নিন’

Posted on November 24, 2014 | in জাতীয় | by

প্রতিবেদক : উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘এ ব্যাপারে কোনো দিকে, কারো মুখের দিকে না তাকিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন, সেটাই চাই।’ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার মন্ত্রিসভা বৈঠকের পর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজশাহী, সিলেটের বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যারাই শিক্ষাপ্রতিষ্ঠানে গণ্ডগোল করুক, একটা পর্যায়ে দেখা গেছে, ছাত্রের সঙ্গে অছাত্র বেশি এবং কিছু বহিরাগত লোক জড়িত থাকে। রাজশাহীতে এমন একটা ঘটনা ঘটল, সাথে সাথে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিলে নিয়ন্ত্রণ করা যাবে। এ ব্যাপারে কোনো দিকে, কারো মুখের দিকে না তাকিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন, সেটা চাই।’
ABU-SHUFIAN (16)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলামকে গত ১৫ নভেম্বর কুপিয়ে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এরপর ২০ নভেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সুমন চন্দ্র দাস (২১) নামে এক ছাত্র নিহত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু দিন আগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একটা সমস্যা হয়েছে। এ বিষয়ে পুলিশ কমিশনারের কাছে জানতে চাই। তবে তার আগে একটা নির্দেশ দিতে চাই, যারাই এ ধরনের সমস্যা সৃষ্টি করবে বা শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস করবে, যে দলেরই হোক, কেকোনো দলের সেটা দেখার কথা না। যারাই এ ধরনের কর্মকাণ্ড করবে সাথে সাথে তাদের বিরুদ্ধে এ্যাকশন নিতে হবে।’

ভিডিও কনফারেন্সে সিলেটের মহানগরের পুলিশ কমিশনার বলেন, গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, মারামারিতে একজন ছেলে নিহত হয়। ঘটনার সময় নিয়ন্ত্রণ করেছি। তা না হলে আরও ক্ষয়ক্ষতি হতে পারত। ‘বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩ জনকে গ্রেফতার ও আগ্নেয়াস্ত্র-গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। অভিযান অব্যাহত আছে। আশা করছি যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারব’ বলেন পুলিশ কমিশনার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যার সঙ্গে জড়িত ছাত্রদল, যুবদল নেতাসহ ছয়জনকে র‌্যাব গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষক খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আন্তরিকতার সাথে কাজ করুন। দেশকে এগিয়ে নিতে চাই, বাংলাদেশের মানুষ ভাল থাকুক সুখে থাকুক উন্নত জীবন পাক— এটাই আমরা চাই।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud