April 20, 2026
ঢাকা: রাজধানীর লালবাগে আপন খালাতো ভাইয়ের হাতে খুন হলেন আলাউদ্দিন (২৯) নামে এক যুবক। খুনের পর তার লাশ আলমারির ভেতর লুকিয়ে রাখা হয়।
রোববার ভোরে পুলিশ খুনি খালাতো ভাই জুবায়ের আহমেদ সুমনের বাসা থেকে লাশ উদ্ধার করে।
লালবাগ থানার ডিউটি অফিসার এসআই কামরুজ্জামান বাংলামেইলকে এ খবর নিশ্চিত করেন।
এসআই কামরুজ্জামান জানান, সুমনকে তার স্ত্রীর একটি নারী নির্যাতন মামলায় গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আলাউদ্দিনকে খুন করার কথা জানা যায়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই রোববার ভোর পাঁচটার দিকে লালবাগ থানা এলাকার নবাবগঞ্জের ৭৯নং বুড়িআঙুল লেনে সুমনের বাসায় অভিযান চালিয়ে আলমারির ভেতর থেকে আলাউদ্দিনের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের কারণেই তাকে খুন করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।