April 20, 2026
ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি তো রাজনীতির মাঠে খেলতেই পারে না। তাই তাদের সঙ্গে খেলবো কি করে?’
রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আওয়ামী মৎস্যজীবী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
ত্রাণমন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবিরকে কেবল নিষিদ্ধ করলেই হবে না, তাদের আশ্রয়দাতা বিএনপিকেও এদেশ থেকে বিতাড়িত করতে হবে।’ মায়া বলেন, ‘জামায়াত-শিবির এদেশের জন্য বিষফোঁড়া। যারা জামায়াত শিবির করে তারা এদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। তাই এদের পৃষ্ঠপোষকতা ও লালন-পালনকারীদেরকেও এদেশ থেকে বিতাড়িত করতে হবে।’
বিজয়ের মাসেই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘এদেশের জনগণের দাবি বিজয়ের মাস ডিসেম্বরের মধ্যে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার।’
‘মার্চের ভেতরে সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হবে’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মায়া বলেন, ‘জনগণ জানতে চায়। আপনি কী এমন গণহত্যার ষড়যন্ত্র করেছেন যে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করবেন?’
বিএনপির আন্দোলন প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, ‘তারা তো খেলতেই পারে না। তাই তাদের সঙ্গে খেলবো কি করে?’
‘বিএনপি সংবিধান মানে না’ দাবি করে তিনি বলেন, ‘যদি তারা সংবিধান মানতো তাহলে গত নির্বাচনে অংশ নিতো। সংবিধান অনুযায়ী ২০১৯ সালে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যদি বিএনপি অংশ না নেয় তাহলে এখন তো তাদের আমও গেছে ছালাও গেছে, আগামী তারা গাছও হারাবে।’
মৎসজীবী লীগের সভাপতি সাঈদুর রহমান সাঈদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মৎস প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, নগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।