April 18, 2026
স্টাফ রিপোর্টার : গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ২ ডিসেম্বর সারাদেশে প্রতিরোধ দিবস পালনের কর্মসূচি ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।
সাকি অভিযোগ করে বলেন, ‘সরকার তার নিজের আইন না মেনে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াতে চাচ্ছে। ভোটার বিহীন নির্বাচন দ্বারা গঠিত এ সরকার কোনো প্রকার জবাবদিহিতা ছাড়াই এসব সিদ্ধান্ত নিচ্ছে। তাই সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘৩ হাজার কোটি টাকার গ্যাস তহবিলের হিসাব সরকার দিতে পারছে না। এ তহবিলের টাকা বাপেক্সের উন্নয়নে ব্যবহারের কথা থাকলেও তা না করে তা লুটপাট করা হয়েছে।’
যারা সিলিন্ডার গ্যাসের ব্যবসায় করে তাদের পকেটে মেহনতি মানুষের টাকা তুলে দিতেই সরকার বার বার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। বিক্ষোভ সমাবেশ শেষে একটি প্রতিবাদী মিছিল করে গণসংহতি আন্দোলন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম, বাচ্চু ভূঁইয়া, ফিরোজ আহম্মেদ প্রমুখ।