পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাকিব মুশফিকের প্রতিরােধ

Posted on November 21, 2014 | in খেলাধুলা | by

চট্টগ্রাম থেকে: ৪২.১ ওভার শেষে স্বাগতিকদের দলীয় সংগ্রহ ৪ উইকেটে ২১৪ রান। ব্যাটিং ক্রিজে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম জুটি বেঁধেছেন। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন সাকিব-মুশফিক। সাকিব আছেন অপরাজিত ১০০ রানে। আর মুশফিক তার ক্যারিয়ারের ১৭তম অর্ধশতক হাঁকিয়ে আছেন ৫২ রানে। বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ানডে ক্যারিয়ারে নিজের ষষ্ঠ শতক হাঁকালেন। ৯৫ বলে তিনি ১০টি চার হাঁকিয়ে শতকের ঘরে পৌঁছান। এর আগে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রন পাওয়া বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন ১৩১টি ওয়ানডে খেলা বাঁহাতি ওপেনার তামিম ইকবাল এবং ২৩টি ওয়ানডে খেলা আনামুল হক বিজয়। ম্যাচের চতুর্থ ওভারে পানিয়াঙ্গারার করা তৃতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম। দলীয় ৮ রানের মাথায় ১৫ বল খেলে তিনি ৫ রান করেন।195067

তামিম ইকবালের বিদায়ের পর আনামুল হক এবং টেস্টে অসাধারণ পারফর্ম করা বাংলাদেশের ছোট্ট ব্রাডম্যান মুমিনুল হক ব্যাটিংয়ের হাল ধরেন। কিন্তু পাওয়ার প্লে’র দশ ওভার শেষ হওয়ার ঠিক এক বল আগে চাতারার বলে তুলে মারতে গিয়ে ১২ রান করে চিগুম্বুরার হাতে ধরা দেন আনামুল। ফলে, দলীয় সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে ২৬ রান। তামিম-আনামুলের পর সাজঘরে ফেরেন মাহামুদুল্লাহ। স্বাগতিকরা ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১১.৪ ওভার শেষে করে তিন উইকেটে ৩১ রান। মাহামুদুল্লাহ এক রান করে চাতারার বলে কামুনগোজির হাতে ধরা পড়েন।

খুব দ্রুতই তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া স্বাগতিকদের হয়ে হাল ধরার চেষ্টা করছিলেন মুমিনুল এবং সাকিব আল হাসান। ৩৯ রানের জুটি গড়ে ১৯তম ওভারের চতুর্থ বলে ৩১ রান করে নাইম্বুর বলে বোল্ড হয়ে ফেরেন মুমিনুল। পাওয়ার প্লে’তে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে ২৭ রান। ২০ ওভার শেষে তাদের দলীয় রান ছিলো চার উইকেটে ৭০ রান। ২৫.২ ওভারে টাইগাররা দলীয় শতক করে।

বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল  সফরকারী অধিনায়ক এলটন চিগুম্বুরা। ২০১৪ সালটি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের মোটেও ভালো যায়নি। ১৩ ম্যাচ খেলে ১২টিতেই হেরেছে বাংলাদেশ। বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে, পরিসংখ্যানের বিচারে ওয়ানডে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। ৫৯ ম্যাচে বাংলাদেশের জয় ৩১টি ম্যাচে। এর আগে স্বাগতিক বাংলাদেশ তিন ম্যাচ টেস্ট সিরিজের তিনটিতেই জয় পেয়েছে। সফরকারীদের ধবলধোলাই দিয়ে টেস্টের নয় নম্বরে উঠেছে মুশফিকুর রহিমের দল। এবার মাশরাফি বিন মর্তুজার দলের সামনে ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য এসে দাঁড়িয়েছে।

অন্যদিকে টেস্টে হোয়াইটওয়াশ হলেও সফরকারীরা চায় ওয়ানডেতে নিজেদের লক্ষ্য পূরণে শুভ সূচনা করতে। দিবারাত্রির এ ম্যাচে জয় দিয়েই শুরু করতে চায় এলটন চিগুম্বুরার সতীর্থরা।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, আল আমিন হোসেন, মাহামুদুল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, শফিউল ইসলাম ও আরাফাত সানি।

জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা, রেগিস চাকাবায়া, টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন, কামুনগোজি, হ্যামিলটন মাসাকাদজা, নাতশাই এমশ্যাংগুই, রিচমন্ড মুতুমবামি, জন নাইম্বু, তিনাসে পানিয়াঙ্গারা, ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর ও ম্যালকম ওয়ালার।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud