April 20, 2026
স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্টন, মিরপুর ও মোহাম্মদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। পল্টন থানার এসআই শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত পৌন ১টার দিকে নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রাক শরিফুল ইসলাম (৩০) নামে এক ফেরিওয়ালাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর গোল চত্বরে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি (৬০) নিহত হন। মিরপুর থানার একজন এসআই রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে তিনটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মোহাম্মদপুর সিটি হাসপাতালের সামনে গাড়ির ধাক্কায় আবরা খাতুন লাকি নামে এক যুবতী (৩০) নিহত হয়েছেন।
অজ্ঞাত এক ব্যক্তি সিএনজিযোগে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। টিকিট কাউন্টারে লাকি নামে এন্ট্রি করে জরুরি বিভাগের চিকৎসকের হাত দিয়ে দ্রুত চলে যান তিনি। লাকির মামা আমির আজম খান জানান, মোহাম্মদপুর থানা থেকে এক পুলিশ সদস্য তাকে ফোন করে জানান এক নারী সড়ক দুঘটনায় মারা গেছেন। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তখন তিনি গিয়ে লাশ সনাক্ত করেন। পুলিশ বাসটি আটক করেছে। লাকির বাড়ি বরিশাল। তারা পিতার নাম শেখ রোস্তম আলী।