May 3, 2026
বিনোদন ডেস্ক : আজকের নতুন মুখে থাকছে চলচ্চিত্রের নবাগত অভিনেত্রী নীড়ের গল্প।
টেলিভিশনের পর্দায় যখনই শাবনূরের ছবি ভেসে উঠতো, অমনি সেখানে বসে পড়তো যশোরের মেয়ে কাজী রোমানা ইসলাম নীড়। চলচ্চিত্রের প্রতি এমন ভালোবাসা থেকেই উদীচীর স্থানীয় শাখায় কথ্থক ও আধুনিক ধারার নাচ শিখেছেন। তবে স্কুল-কলেজের গণ্ডি পেরুনোর সঙ্গে সঙ্গে স্বপরিবারে ঢাকায় পাড়ি জমান তিনি।
কখনও দমে যাবার পাত্রী ছিলেন না নীড়। তাই ঢাকায় পৌঁছানোর পর থেকেই নতুন করে কাজ করার পথ খুঁজতে লাগলেন। এ বিষয়ে নীড় বলেন, ‘প্রথম দিকে বাবা-মায়ের কাছে ছবিতে কাজ করার ইচ্ছার কথা জানালাম। কিন্তু তাদের কথা হলো তুমি কাউকে চেনো না, কিভাবে তা সম্ভব?’
বাবা-মায়ের প্রশ্ন এবার নীড়ের মাথায় ঘোড়পাঁক খেতে লাগলো। অবশেষে সাবু নামের একজন ফটোগ্রাফারের কাছে গিয়ে ফটোসেশন করলেন। আর তাতেই নীড়ের স্বপ্নের দোয়ার খুলে গেল। ফটোসেশনের ছবিগুলো দেখেই ‘আড়ং’ নামে একটি ছবির জন্যে নীড়কে মনে ধরলো পরিচালক মাহাবুব আলমের। এভাবেই একদিন প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। যদিও ছবিটি এখন পর্যন্ত মুক্তি পায়নি।
মুক্তির প্রতীক্ষায় প্রহরগুণতে গুণতেই ‘ভালোবাসলে দোষ কি তাতে’ নামে দ্বিতীয় ছবির কাজ শুরু করলেন নীড়। খোকন রিজভী পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক জয় চৌধুরী। ছবিটি গত ১২ সেপ্টেম্বর প্রায় অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম ছবি মুক্তির স্বাদ সম্পর্কে নীড় বলেন, ‘খুবই ভালো লেগেছিলো সেদিন। কারণ ছোট থেকে যে স্বপ্ন দেখে বড় হয়েছি, তার সিঁড়িতে পা রাখতে পেরেছি।’
সম্প্রতি রুহুল আমিনের পরিচালনায় ‘স্বজনহারা’ নামে আরো একটি ছবির শুটিং সম্প্রতি শেষ করেছেন। এছাড়া দুটি ছবিতে চুক্তিসাক্ষর করেছেন। কিন্তু মহরতের আগে ছবিগুলোর নাম প্রকাশ করতে চান না হালের এই নায়িকা। আর সবগুলো ছবিতেই নীড়ের বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন জয় চৌধুরী। এর কারণ জানতে চাইলে সোজাসাপ্টা উত্তরে তিনি বলেন, ‘জয়ের সঙ্গে আমার কেমিস্ট্রি ভালো। তাই ছবির পরিচালকরা আমাদের একসঙ্গে কাজ করার জন্যে বলে থাকেন।’
এদিকে আনোয়ার সিরাজী পরিচালিত ‘উতলা মন’ নামে একটি ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন নীড়। ছবিটিতে তার বিপরীতে রয়েছে আরিয়ান। শ্যুটিং শেষে আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি দেয়া হতে পারে বলে জানান তিনি।
নীড় শুধু চলচ্চিত্রে অভিনয় করছেন না, পাশাপাশি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে পড়াশোনাও করছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়, আর চলচ্চিত্র নিয়ে পড়া এক কথা নয়, চলচ্চিত্রকে ভালো ভাবে জানার জন্যেই এটিকে উচ্চ শিক্ষার বিষয় হিসেবে বেছে নিয়েছি।’
চলচ্চিত্রে প্রতিনিয়ত প্রতিযোগিতা বাড়ছে। আর এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্যে নিজেকে ভালো করে তুলে ধরতে চান নীড়। তাই আগামীতে নজরুল কিংবা রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হিসেবে নিজেকে আবিষ্কার করতে চান।
আগেই বলেছি নীড় ছোট থেকেই শাবনূরের ছবির অন্ধ ভক্ত। তবে এক্ষেত্রে শাবনূরকে অনুকরণ নয়, বরং অনুসরণ করতে চান। স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধ ভিত্তিক কোন ছবিতে নায়িকা হিসেবে অভিনয়ের।
নীড়ের পরিবারে বাবা-মা ছাড়াও রয়েছে ছোট দুই বোন। অবসরে যাদের সঙ্গে খুঁনসুঁটি করেন। পাশপাশি প্রচুর গান শোনেন ও ফেসবুকে ঘুরে বেড়ান।