May 5, 2026
রাজশাহী: যুদ্ধাপরাধীদের ফাঁসি বন্ধে জাতিসংঘের আহ্বান সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড, মিজানুর রহমান। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউজে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনের নামে সিরিয়া, ইরাক, আফগানস্থানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে, করছে। এসময় জাতিসংঘ তা সমর্থন করে যায়। অথচ স্বাধীনতা যুদ্ধের সময় (১৯৭১ সালে) যারা এ জাতির ওপর অমানবিক হত্যাকাণ্ড ও নির্যাতন চালিয়েছে, তাদের বিচার যখন দেশের প্রচলিত আইনানুযায়ী হচ্ছে তখন জাতিসংঘ ফাঁসি বন্ধের আহ্বান জানাচ্ছে।’ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বাইরের কোনো রাষ্ট্র বা সংস্থা কথা বলবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, ‘দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এটি নিয়ে উদ্বেগের কিছু নেই। দেশের সামাজিক, অর্থনৈতিক অবস্থা যেহেতু দিনে দিনে উন্নতির দিকে সেহেতু মানবাধিকার পরিস্থিতিরও ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে।’ এরআগে, মানবাধিকার চেয়ারম্যান রাজশাহীর একটি অভিজাত হোটেলে ‘সাংবাদিকতার নীতিনৈতিকতা ও শিশু সংবাদ’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। ইউনিসেফ ও এমআরডিএ মতবিনিময় সভাটির আয়োজন করেন।