পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কামারুজ্জামানের ছেলের ‘চ্যালেঞ্জ’!

Posted on November 10, 2014 | in জাতীয় | by

hasan-ikbal-1ঢাকা: সোহাগপুরের গণহত্যা-ধর্ষণের সঙ্গে কামারুজ্জামানের কোনো সম্পৃক্ততা নেই বলে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন তার ছেলে হাসান ইকবাল। সোমবার (১০ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ চ্যালেঞ্জ দেন তিনি। গত ৩ নভেম্বর সোমবার মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সোহাগপুর গণহত্যা-ধর্ষণের দায় প্রমাণিত হয়েছে কামারুজ্জামানের বিরুদ্ধে। এ অভিযোগেই (৩ নম্বর অভিযোগ) ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল বলেন, ‘সোহাগপুর গণহত্যার সঙ্গে তার বাবা কামারুজ্জামানকে জড়িয়ে ইতিহাসের কোনো বই বা ডকুমেন্ট নেই। এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি’। লিখিত বক্তব্যে হাসান ইকবাল বলেন, ‘আমার বাবা কামারুজ্জামানকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। তিনি কখনো সোহাগপুর যাননি। এমনকি রাষ্ট্রপক্ষের দায়ের করা ফরমাল চার্জেও সোহাগপুর গণহত্যার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন এমন অভিযোগ করা হয়নি’। ‘এই মামলার মুল সাক্ষীর তালিকায় ৪৬ জনের নাম ছিলো। তাদের মধ্যে ১০ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার পর নতুন করে তিনজন মহিলাকে অতিরিক্ত সাক্ষী হিসেবে প্রসিকিউশন আদালতে উপস্থাপন করেন। ওই সাক্ষীরাও তদন্তকারী কর্মকর্তার কাছে প্রদত্ত জবানবন্দিতে গণহত্যার সময় আমার বাবা উপস্থিত ছিলেন এমন দাবি করেননি।’

হাসান ইকবালের দাবি, শেরপুরের গণহত্যা নিয়ে সাংবাদিক মামুনুর রশীদের ‘সোহাগপুরের বিধবা কন্যারা’, মুক্তিযোদ্ধা আবদুর রহমান তালুকদারের ‘মুক্তিযুদ্ধে নালিতাবাড়ী’ বইয়ে এবং বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের সাবেক কনসালট্যান্ট এডিটর আফসান চৌধুরীর ‘ইন শ্রাবণ আই রিমেম্বার দ্য ম্যাসাকার অফ সোহাগপুর ইন ১৯৭১’ প্রবন্ধের কোথাও আমার বাবার নাম নেই। ‘আমার বাবা কামারুজ্জামান সোহাগপুর বা অন্য কোনো হত্যাকাণ্ডের সঙ্গে কখনোই জড়িত ছিলেন না। রাজনৈতিক কারণে ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ। এ মামলায় আনীত অভিযোগের সঙ্গে তার দূরতম সম্পৃক্ততা নেই’। কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল আরও বলেন, ‘আশা করছি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায় পূর্নবিবেচনা করে আমার বাবা কামারুজ্জামানকে বেকসুর খালাস দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud