April 18, 2026
ঢাকা: দলের কারাবন্দি আমীর মতিউর রহমান নিজামীর মামলার রায় দেখে কর্মসূচি দেবে জামায়াত। বুধবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ এ মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার রায় ঘোষণার কথা রয়েছে। দলীয় সূত্র বলছে, রায় বিপক্ষে গেলে হরতাল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েই রেখেছে তারা। এর আগে জামায়াতের শীর্ষ পাঁচ নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের দিন হরতাল দিলেও মতিউর রহমান নিজামীর রায়ের আগ পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত। তবে রায় বিপক্ষে গেলে বৃহস্পতিবারই এক দিনের হরতাল দিতে পারে দলটি। সেক্ষেত্রে খালেদা জিয়ার জনসভা উপলক্ষে নাটোর এবং এর আশপাশের কয়েকটি জেলা হরতালের আওতামুক্ত রাখা হতে পারে বলে জানিয়েছে জামায়াত সূত্র। এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী মো. ইব্রাহিম মঙ্গলবার বিকাল ৩টার দিকে বলেন, কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের নীতিনির্ধারণী ফোরাম। তবে এখন পর্যন্ত এতটুকু বলা যায়, রায় দেখেই কর্মসূচি ঘোষণা করা হতে পারে। খালেদা জিয়ার নাটোর জনসভার কথা স্মরণ করিয়ে দিলে জামায়াতের এই নেতা বলেন, সেক্ষেত্রে নাটোর জেলা কর্মসূচির বাইরে থাকতে পারে। এদিকে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, দলের আমীর মতিউর রহমান নিজামীর রায় বিপক্ষে গেলে বৃহস্পতিবার তো বটেই, রোববার থেকে টানা কয়েক দিনের কর্মসূচি দিতে পারে জামায়াত। আর কর্মসূচির ক্ষেত্রে হরতালই তাদের প্রথম পছন্দ। তবে মাঝের দুই দিন শুক্র ও শনিবার দেশব্যাপী দোয়া দিবস পালনের বিষয়টিও ভেবে রেখেছে জামায়াত। যদিও যে কোনো কর্মসূচি দেওয়ার আগে জোট শরিক বিশেষ করে বিএনপির সঙ্গে পরামর্শ করে নিতে চায় তারা। ২০১৩ সালের ২১ জানুয়ারি রাজাকার আবুল কালাম আযাদের ফাঁসির রায়ের সময় নীরব ভূমিকায় ছিলো জামায়াত। এর পর ৫ ফেব্রুয়ারি দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায়ের দিন হরতাল ডাকে তারা। এই বছরের ২৮ ফেব্রুয়ারি দলের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের দিনও হরতাল ডাকে জামায়াত। এর পর একে একে দলের সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সাবেক আমীর গোলাম আযমের রায়ের দিন হরতাল ডাকে জামায়াত। তবে এ বছর ২৪ জুন মতিউর রহমান নিজামীর রায়ের দিন ঠিক হলে সেদিন হরতাল ডাকা থেকে বিরত থাকে জামায়াত। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নিজামীকে আদালতে হাজির করতে না পারায় ওই দিন রায় ঘোষণা স্থগিত করা হয়। এ নিয়ে সাধারণ মানুষ ও রাজননৈতিক পরিমণ্ডলে নানা রকম কথা ঘুরপাক খেতে থাকে।
সুত্র…..বাংলানিউজ