May 26, 2026
আন্তর্জতিক ডেস্ক: শান্তিতে যৌথভাবে নোবেল জয়ী পাকিস্তানের ১৭ বছর বয়সী বিস্ময়-কিশোরী মালালা ইউসুফজাই এবার যুক্তরাষ্ট্রের সম্মানজনক লিবার্টি মেডেলে ভূষিত হলেন। সবচেয়ে কম বয়সে নোবেল পাওয়া এ কিশোরী লিবার্টি মেডেলপ্রাপ্তদের মধ্যেও সর্বকনিষ্ঠ।
লিবার্টি মেডেলে ভূষিত মালালা বলেন, আমি এ পদক পেয়ে সম্মানিত। শিক্ষার জন্য প্রচারণা চালিয়ে যেতে এবং প্রতিটি শিশুর অধিকার আদায়ের সংগ্রামে আমাকে উৎসাহ যোগাবে এটি। পুরস্কারের ১ লাখ ডলার অর্থ পাকিস্তানের শিক্ষাখাতে দান করার ঘোষণা দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ভারত, সিরিয়া, নাইজেরিয়া ও গাজায় সঙ্কটের সম্মুখীন ভাগ্য-বঞ্চিত শিশুদের প্রসঙ্গ তুলে মালালা বলেন, আসুন- যুদ্ধকে না বলি। সংঘাতকে না বলি। মালালা তার বক্তব্যে অস্ত্র নয়, বইয়ের জন্য অর্থ ব্যয়ের আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে ১ হাজার ৪০০ দর্শকের সামনে বক্তৃতা রাখেন তিনি। তিনি বলেন, ইতিহাস আকাশ থেকে নেমে আসে না, আমরাই ইতিহাস সৃষ্টি করি। মালালা বলেন, ঐক্যবদ্ধভাবে আমরা আতঙ্ক, নির্যাতন ও সন্ত্রাসবাদের চেয়ে শক্তিশালী। তিনি বলেন, দারিদ্র্য, অজ্ঞতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শ্রেষ্ঠ অস্ত্র শিক্ষা। এর আগে বিশেষ এ সম্মানে ভূষিত হয়েছেন হিলারি ক্লিনটন, টনি ব্লেয়ার, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, কফি আনান, হামিদ কারজাইসহ বহু গুণী ব্যক্তিত্ব।