পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শাহবাগ থানাকে খালেদা জিয়ার মামলা তদন্তের নির্দেশ

Posted on October 21, 2014 | in রাজনীতি | by

khaleda-zia_15ঢাকা: শাহবাগ থানাকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় বিভেদের অভিযোগের মামলায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ১৯ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে বিভিন্ন শ্রেণীর মধ্যে বিরোধ সৃষ্টির লক্ষ্যে ধর্মীয় উসকানি দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে মামলা দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
মামলার এজাহারে বলা হয়, বেগম খালেদা জিয়া রাজধানীর শাহাবাগ থানার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১৪ অক্টোবর ২০১৪ তারিখে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগ বিষয়ে নানা কটূক্তিপূর্ণ সমালোচনা করেন। বক্তৃতার একপর্যায়ে তিনি বলেন, “আওয়ামী লীগ ধর্মনিরপক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।”
এজাহারে উল্লেখ করা হয়, ‘তিনি ( খালেদা জিয়া) বলেন আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। এ জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।’ ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণীর মধ্যে বিরোধ সৃষ্টির লক্ষ্যে বক্তব্য দেওয়ায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় নালিশি মামলা করা হয়। মামলায় চারজনকে সাক্ষী করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud