April 18, 2026
ঢাকা: র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির তরুণ লিমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সাথে সাথে সংগঠনটি লিমনের ওপর গুলির ঘটনায় ‘দোষী র্যাব সদস্যদের’ বিচার দাবি করেছে। ২০১১ সালের ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের মুখোমুখি করা উচিত বলে মনে করে সংস্থাটি। বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, যে সব র্যাব সদস্য লিমনকে গুলি করেছিলেন, যাতে সে স্থায়ী পঙ্গু হয়ে যায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ব্যবস্থা নেওয়া দরকার। পাশাপাশি তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ এনে যারা বিচার প্রক্রিয়াকে ভুল পথে চালিত করেছিল তাদেরও বিচার করা দরকার। ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত হন লিমন হোসেন। সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন সে সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। জীবন বাঁচাতে চিকিৎসকরা তার এক পা কেটে বাদ দিতে বাধ্য হন।