April 19, 2026
ঢাকা: বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ‘চাক দে! ইন্ডিয়া’, ‘স্বদেশ’-এর মতো ভিন্ন ধারার সিনেমাতেও অভিনয় করেছেন শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং খান বলেছেন, তিনি মনে করেন তার উপস্থিতি যে কোনো সিনেমাকে হিট করার জন্য যথেষ্ট। রোমান্টিক হিরো হিসেবেই পর্দায় বেশি আবির্ভূত হয়েছেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। তবে অন্য ধরনের চরিত্রেও তাকে দেখা গেছে মাঝে মাঝেই। সম্প্রতি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ” ভিন্ন ধারার সিনেমা আবার কি? আমি যদি একটি ভিন্ন ধারার সিনেমায় অভিনয় করি তবে সেটাই হয়ে যাবে মূল ধারার সিনেমা। যেমন ‘চাক দে! ইন্ডিয়া’র কথাই ধরুন অফ-বিট ফিল্ম হওয়া সত্ত্বেও এটি খুবই ভালো ব্যবসা করেছে। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য তো এখানেই।” তিনি আরও বলেন, “আমার মনে হয়, আমার অভিনীত যে কোনো সিনেমাই মূল ধারার হয়ে যায়, কারণ আমি একজন বড় তারকা। ভিন্ন ধারার হলেও মানুষ ঐ সিনেমাটি দেখবে। আমি ‘মায়া মেমসাব’, ‘ডার’, ‘ওহ ডারলিং ইয়ে হ্যায় ইন্ডিয়া’, ‘স্বদেশ’, ‘বাজিগর’-এর মত অনেক ভিন্ন ধারার সিনেমায় অভিনয় করেছি। আমার যখন ইচ্ছা হয় আমি তখনই এ ধরনের সিনেমায় কাজ করি।”
তবে শাহরুখ জানান, শুধুমাত্র অন্যের অনুরোধ রাখতে গিয়ে কখোনই কোন সিনেমায় অভিনয় করবেন না তিনি। “আমার যথেষ্ট বিত্ত আছে, আমি ধনী একজন তারকা। আমার খ্যাতি আছে, অনেক পুরস্কারও পেয়েছি। আমি সে সিনেমাই করবো যেটা আমার পছন্দ হবে। আমি ‘রা ওয়ান’ সিনেমায় কাজ করেছি কারণ আমার বাচ্চারা সুপারহিরো পছন্দ করে। আমার বাবা হকি খেলতেন, তাই আমি ‘চাক দে! ইন্ডিয়া’তে কাজ করি। কোন চরিত্রে অভিনয় করার জন্য আমার নিজের ভালো লাগা খুবই প্রয়োজন।” শাহরুখ আরও জানান, তার আগামী দুটি সিনেমা –ইয়াশ রাজ ফিল্মসের ‘ফ্যান’ এবং রাহুল ঢোলাকিয়ার ‘রাইস’ হবে অফ-বিট ধাঁচের। তবে সিনেমা দুটিতে কাজ করতে পেরে খুবই খুশি তিনি।