April 5, 2026
বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) ফিক্সিংয়ের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছে।দ্বিতীয় দফার এ শুনানির চতুর্থ দিনেও কার্যক্রমে অংশ নেন মোহাম্মদ আশরাফুল।আর শুনানি শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)ডিসিপ্লিনারি প্যানেল জানিয়েছে,রায় আসবে খুব দ্রুতই।
১৮ জুনের রায় আকসু,বিসিবি কিংবা দণ্ডপ্রাপ্ত কোন পক্ষকেই সন্তুষ্ট করতে পারেনি।তাই খালাস পাওয়াদের শাস্তি ও শিহাব চৌধুরিকে আজীবন নিষিদ্ধ করার দাবি তুলে আপিল করে আকসু ও বিসিবি।অন্যদিকে,৮ বছরের জন্য নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল করেন শাস্তি কমানোর আবেদন।আর সব অভিযোগ থেকে মুক্তি চান ১০ বছরের জন্য নিষিদ্ধ ও ২০ লাখ টাকা জরিমানা গণা ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরি।এরই প্রেক্ষিতে আপিলের ওপর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয় গত ৬ আগস্ট।এরপর প্রায় মাস খানেকের বিরতি দিয়ে ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হল শেষ দফার শুনানি।চূড়ান্ত শুনানি শেষ হলেও নিজেদের যুক্তি তুলে ধরার জন্য আরোও কিছুদিন সময় পাচ্ছেন অভিযুক্তরা।তবে এক্ষেত্রে তাদেরকে লিখিতভাবে বক্তব্য উপস্থাপন করতে হবে।
এদিকে,আপিলের শুনানি শেষ হওয়ায় এখন অপেক্ষা পুনর্বিবেচিত রায় শোনার।আর তেমন ঘোষণা খুব দ্রুতই আসবে বলে জানিয়েছে বিসিবি ডিসিপ্লিনারি প্যানেল।তবে ১৯ সেপ্টেম্বরের আগে রায় পাওয়ার সম্ভবনা কম।কারণ ওই দিন পর্যন্তই লিখিতভাবে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাচ্ছেন দণ্ডিতরা।অন্যদিকে,আবারও রায় বিপক্ষে গেলে আপিল করার শেষ সুযোগটি পাবেন আশরাফুলরা।সেক্ষেত্রে তাদেরকে যেতে হবে বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিট্রেশনে।