April 29, 2026
প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা ও চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আজ শুক্রবার আলাদা সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও নিজস্ব প্রতিবেদকের পাঠানো প্রতিবেদন: ময়মনসিংহ: ভোররাতে ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে ময়মনসিংহগামী চিনিভর্তি একটি ট্রাকের সঙ্গে ময়মনসিংহ থেকে ঢাকাগামী সবজি ও চালবোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একটি ট্রাকের চালকের সহকারী মো. শফিক (২৭) ও আরেকটি ট্রাকে থাকা সবজি ব্যবসায়ী মনির হোসেন (২৫) নিহত হন। সংঘর্ষে গুরুতর আহত হন ঢাকাগামী ট্রাকের চালক মো. রফিক। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মনিরের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সামপুর ও শফিকের বাড়ি শেরপুর সদর উপজেলার টিকারচড়া গ্রামে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একটি ট্রাক জব্দ করা হয়েছে। আরেক ট্রাকের চালক পালিয়ে গেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রাম: সকাল নয়টার দিকে বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ মনজু (২০) নামের এক তরুণ গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মনজুর বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার মোহাম্মদ মনসুরের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক পঙ্কজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।……প্রথম আলো