April 20, 2026
ডেস্ক রিপোর্ট : যুদ্ধ বা যুদ্ধাবস্থার কারণে বিশ্বে শরণার্থীর সংখ্যা ২০১৩ সালেই ৫ কোটি (৫০ মিলিয়ন) ছাড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ সংখ্যা সর্বোচ্চ। শুক্রবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালে শরণার্থীর প্রকৃত সংখ্যা দাঁড়ায় ৫ কোটি ১০ লাখ ২০ হাজারে (৫১.২ মিলিয়ন)। ২০১২ সালের চেয়ে ২০১৩ সালে ৬০ লাখ শরণার্থী বেড়ে গেছে। বিশ্বজুড়ে এক বছরে ৬০ লাখ শরণার্থী বেড়ে যাওয়াকে ভয়াবহ মানবিক বিপর্যয় বলে অভিহিত করেছেন সংস্থার কর্মকর্তারা।
জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের প্রধান অ্যান্টোনিও গুটারেস বিবিসিকে বলেছেন, দাতা সংস্থাগুলোর জন্য শরণার্থীদের এ চাপ সামাল দেওয়া ব্যাপক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, সিরিয়া, দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকায় সংঘর্ষ বেড়ে যাওয়ায় শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।