April 23, 2026
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক রাসেল আহমেদকে কুপিয়ে তার ডান পা বিচ্ছিন্ন করে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। এসময় তারা রাসেলের বুকে গুলি চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের ভেতরে এ ঘটনা ঘটে। রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনার কিছুক্ষণ আগে শহীদুল্লাহ কলাভবন থেকে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু ওরফে হাসিবকে গ্রেফতার করে পুলিশ। আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিয়াউদ্দিনের নামে মতিহার থানায় প্রায় অর্ধশতাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, সোমবার দুপুর ১টার দিকে শহীদুল্লাহ কলাভবনে আরবি সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের একটি কোর্সের পরীক্ষা চলছিল। বিকেল ৪টার দিকে পরীক্ষার হল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী ভবনের সামনে অবস্থান করছিলেন। শিবিরের দাবি, এ ঘটনার কিছুক্ষণ পর রাসেল সেখানে গেলে তাকে ভবনের ভেতরে ধরে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাসেলের ডান পা বিচ্ছিন্ন করে দেয়। এসময় ছাত্রলীগ কর্মীরা রাসেলের বুকে গুলি করে তাকে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শিবির নেতার ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন বাংলানিউজকে বলেন, শিবির নেতা জিয়াউদ্দিনকে গ্রেফতার করার সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম। তবে এসময় আমরা কাউকে মারধর করিনি। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, রাসেল আহমেদের ওপর হামলা হয়েছে। তবে কারা তার ওপর হামলা চালিয়েছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।