May 7, 2026
অভি মঈনুদ্দীন : এবারই প্রথম ঢাকায় এলেন ওপার বাংলার এই সময়ের জনপ্রিয় নায়িকা শুভশ্রী। গত শুক্রবার রাতের ফ্লাইটে ঢাকায় এসে গতকাল শনিবার সকাল থেকে তিনি অশোক পতি ও অনন্য মামুন পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির শুটিং শুরু করেছেন। ছবিটিতে তার বিপরীতে তারই সাথে পূবাইলে গানের দৃশ্যে একসঙ্গে কাজ করছেন ছবির নায়ক অঙ্কুশ। কেমন লাগছে ঢাকা কিংবা এখানকার পরিবেশ? জবাবে শুভশ্রী বলেন,‘অনেক আগে থেকেই ইচ্ছে ছিলো আমার এখানে আসার। কিন্তু প্রথম আসাটাই যে ছবির কাজে হয়ে যাবে এটা ভাবিনি কখনো। খুবই ভালোলাগছে। এখানকার মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ। তবে সবচেয়ে ভালোলাগার বিষয় হচ্ছে এটি যে এই ছবিতে আমি বাংলাদেশেরই একজন মেয়ের চরিত্রে অভিনয় করছি। সে চরিত্রে অভিনয় করতেই এদেশে আসাটাও আমার কাছে ভীষণ আনন্দের।’
ছবির কাজে ব্যস্ত থাকায় শুভশ্রী কোথাও ঘুরে বেড়ানোর সময় না পেলেও ইচ্ছে আছে তার রাজধানীর পান্থপথের ‘বসুন্ধরা সিটি’ ঘুরে বেড়াবার। শুভশ্রী জানান তার পরিবারের অন্য সবাই শিক্ষকতা কিংবা ডাক্তারী পেশায় জড়িত থাকলেও চলচ্চিত্রের সাথে শুধু তিনিই জড়িত। তবে একেবারে শুরুর দিকে তার চলচ্চিত্রে কাজ করাটাকে পরিবার না মেনে নিলেও এখন পরিবারের সবাই তা অনায়াসেই মেনে নিয়েছেন তার আজকের অবস্থানের কারণে। মে মাসে শুভশ্রী অভিনীত বাবা জাদব পরিচালিত ‘গেম’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এই ছবিতে তার বিপরীতে আছেন জিত। জুন মাসে মুক্তি পাবে অঞ্জন দত্ত পরিচালিত ‘শেষ বলে কিছু নেই’ ছবিটি। এই ছবিতে তার বিপরীতে আছেন যীশু।
ছবিটি প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘এই ছবিতে আমাকে একেবারেই ভিন্নরূপে দেখা যাবে। কারণ ছবিটি আর্টফিল্ম ঘরানার ছবি। এই ছবিটিতে আমার অভিনয়শৈলী নিয়ে আমি প্রচন্ড আশাবাদী।’ ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিটি প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘যখন আমি কোন ছবিতে কাজ করি, মনেকরি যে এটা আমার নিজেরই ছবি। ঠিক তেমন ভাবনা নিয়েই কিন্তু আমি প্রতিটি ছবিতে যেমন কাজ করি। এই ছবিতেও ঠিক তাই করছি।’ কলকাতার চলচ্চিত্রাঙ্গনে একজন নায়িকা হিসেবে শুভশ্রীর এই সুনাম রয়েছে যে ছবিতে কাজ করার ক্ষেত্রে পরিচালক থেকে শুরু করে ইউনিটের সবার সাথেই তিনি যথেষ্ট আন্তরিক।
যে কারণে সেখানকার প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পরিচালকরা তাকে নিয়ে কাজ করতে সবসময়ই ভীষণ আগ্রহ প্রকাশ করেন-এমনটাই জানালেন প্রযোজক অশোক ধানুকা। বাংলাদেশের ছবিতে কাজ করার আগ্রহ আছে কিনা?
এমন প্রশ্নের জবাবে শুভশ্রী বলেন, ‘কেন নয়, অবশ্যই কাজ করবো যদি সবকিছু ব্যাটে বলে মিলে।’ ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ‘অ্যাকশান কাট এন্টারটেইনম্যান্ট’ ও ‘এসকে মুভিজ।
পরিচালক অনন্য মামুন জানান সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে দুই বাংলায় ছবিটি একযোগে মুক্তি পাবে। যদি তাই হয় তবে এটাই হবে বাংলাদেশের কোন ছবি যা একযোগে দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে। আর এর পুরো ক্রেডিট পরিচালক অনন্য মামুনের।
অনন্য মামুন বলেন, ‘এর আগে বাংলাদেশের কোন ছবি একযাগে বাংলাদেশ ও কলকাতা থেকে মুক্তি পায়নি। এবারই প্রথম তা হতে যাচ্ছে আমার উদ্যোগে। আমি সবার সহযোগিতা চাই। সেইসাথে সবার দোয়া চাই যেন ছবিটির কাজ ভালোয় ভালোয় শেষ করতে পারি। ’