May 7, 2026
ঢাকা : আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক মন্তব্য করেছেন কর্মকর্তাদের অদক্ষতা ও অনুসন্ধানে অস্বচ্ছতার কারণেই আসল ঘটনা প্রমাণ করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যর্থ হচ্ছে । রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদক কর্মকর্তাদের আইন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, দুদকের ব্যর্থতা আইনের জন্য নয়। অনুসন্ধান ও তদন্তের মধ্যে যদি স্বচ্ছতা থাকে তাহলে দুদক আইনের মধ্যে থেকেই আসল ঘটনা প্রমাণ করা সম্ভব হবে। আর এর অভাবেই কিছু মামলা প্রমাণের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, দুদক আইন আদালতের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে একটি আদর্শ আইনে পরিণত হয়েছে। যে কেউ আইনের মধ্য থেকে অনুসন্ধান ও তদন্ত করলে কোন ফাঁক ফোকর থাকার কথা নয়। দুদক কর্মকর্তাদের আরো দক্ষ হওয়ার তাগিদ দিয়ে আনিসুল হক বলেন, দুদকের কর্মকর্তারা হচ্ছেন ফ্যাক্ট ফাইন্ডিং এর আসল লোক। আইনের মধ্যে থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করলে ব্যর্থ হওয়ার কথা নয়। তাই দুদক কর্মকর্তাদের আরও দক্ষ করতেই এই কর্মশালার আয়োজন।
মামলা পরিচালনায় দুদক ব্যর্থে পরিণত হয়েছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, দুদক মামলা পরিচালনায় ৩০ভাগ সফল হয়নি। অধিকাংশ মামলায় অভিযুক্তরা খালাস হয়ে যায়। তাই দুদক কর্মকর্তাদের দক্ষতা বাড়াতেই আইন বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বিশেষ অতিথির বক্তব্যে বলেন, দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। কিন্তু এমন পরিস্থিতি করা দরকার যাতে তা নিয়ন্ত্রণে রাখা যায়।
বার বার আইন পরিবর্তন করলে মানুষ বিভ্রান্ত হয় উল্লেখ করে তিনি বলেন, দেশে ১৫ হাজার আইন রয়েছে। এমন আইনও রয়েছে যা একটি অপরটির সাথে সাংঘর্ষিক। তাই একটি আইনের কোন অংশ সংশোধন করলে অন্তত ৫০ জায়গায় সংশোধন করতে হয়। তাই আইন পরিবর্তনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে আইনের দ্বারা হেয় না হয়।
অন্যদিকে দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, সংশোধিত আইনের পর মামলা গ্রহণ করার ক্ষেত্রে পুলিশ অথবা অন্য কোন আইন প্রয়োগকারী সংস্থার জন্য সমস্যা হওয়ার কথা নয়। প্রতারণা, আত্মসাত ও জালিয়াতিসহ এ সংক্রান্ত মামলা থানায় এজাহারভুক্ত হওয়ার পর আইন অনুযায়ী তার তদন্ত ক্ষমতা দুদকের বলেও উল্লেখ করেন তিনি।
আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন, সুরঞ্জিত সেন গুপ্তের নেতৃত্বে সংসদীয় কমিটির অভিজ্ঞ সংসদ সদস্যরা অন্তত ১৮বার পর্যালোচনার পর দুদক আইন সংশোধন হয়। অত্যন্ত দক্ষতার সাথে আইনটি সংশোধন হবার ফলে এ নিয়ে জটিলতা তৈরি হবার কোন সম্ভাবনা নেই।
দুদক আয়োজিত আইন বিষয়ে পাঁচদিন ব্যাপী এই কর্মশালায় পর্যায়ক্রমে ২৪০ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। যেখানে ৮ভাগে ৩০জনকে অনুসন্ধান ও তদন্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। হাইকোর্টের বিচারপতিরা এই প্রশিক্ষণ দিচ্ছেন।