May 6, 2026
ঢাকা: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আরও উন্নত যোগাযোগব্যবস্থা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য ত্বরান্বিত হবে। তার সরকার এ লক্ষে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতির কৃষি নির্ভরশীলতার কথাও বলেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার চেন হেং উইং দেখা করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদূত সিঙ্গাপুরের অর্থনীতির শক্ত অবস্থানের কথা তুলে ধরে বলেছেন- সিঙ্গাপুরের অর্থনীতি থেকে অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো হবে।যাতে তারা সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের শিল্পখাতকে সমৃদ্ধ করতে পারে।
হাইকমিশনার হেং উইং পরপর দুবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন। তিনি বলেন, সিঙ্গাপুর আশা করে, বাংলাদেশ সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও সমৃদ্ধ হবে। তিনি সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। সিঙ্গাপুরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে বাংলাদেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের সেদেশে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে সিঙ্গাপুরের অনাবাসিক রাষ্ট্রদূত চ্যান হেং উইং।
সাক্ষাতকালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।আশিয়ানের সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আরো বেশি পারস্পরিক যোগাযোগ এবং সহায়তা বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী।এসময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার তৈরি পোশাক শিল্পের পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাত শিল্পের ওপর গুরুত্বারোপ করছে।সিঙ্গাপুরের রাষ্ট্রদূতকে শেখ হাসিনা বলেন, আমরা ইতিমধ্যে কৃষি গবেষণা খাতে গুরুত্ব দিয়েছি। যাতে ফসলের বহুমুখীকরণ হয়। আমরা সামনে কৃষি পণ্য রপ্তানির ওপর অগ্রাধিকার দেব।
প্রধানমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে মাহবুবুল হক শাকিল ছাড়াও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার উপস্থিত ছিলেন।