May 6, 2026
ঢাকা: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে ডিএসই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একাথা জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিএসইর পরিচালক শাকিল রিজভী ও শরীফ আনোয়ার হোসেন।তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটানোর চেষ্টা চলছে। তাই বিনিয়োগকারীদের কোনো ধরনের আতঙ্কিত না হতে আহ্বান জানান তিনি।
স্বপন কুমার বালা বলেন, ইতিমধ্যে ডিএসইর অটোমেশন কার্যক্রম শুরু হয়েছে। এজন্য ওএমএক্সের ডিজাইন স্টাডিজের কাজ চলছে। আর নাসডাকের ডিজাইন স্টাডিজ জমা দেওয়া আছে। যা ডিএসইর ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরের মধ্যে ডিএসইতে অটোমেশন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, আইপিও প্রক্রিয়া দীর্ঘ হওয়াতে বাজারে তারল্য সঙ্কট রয়েছে। সেই প্রক্রিয়া আগামী মে মাস থেকে অনেকটাই সহজ হবে। ব্রোকারেজ হাউজের মাধ্যমে আইপিও আবেদন গ্রহণের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি, মে মাসের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে। এর ফলে আইপিওতে টাকা আটকে থাকার সময় কমবে।
তিনি জানান, বুধবার স্টক ব্রোকারদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে। বিশেষ করে স্টক ব্রোকারদের শাখা অফিস খোলা, আগামী ১৬ এপ্রিলের মধ্যে নতুন সেটেলমেন্ট সাইকেল টি-২ কার্যকরের বিষয়ে স্টক ব্রোকারদের প্রস্তুতি এবং নীতি নির্ধারকদের মধ্যে সমন্বয়ের মাধমে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে পারলে তা বাজারের জন্য ভালো। শেয়ার দরের ওঠানামা নির্ভর করে কোম্পানির পারফরমেন্সের উপর। দর বাড়া-কমার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের কোনো হাত নেই বলেও উল্লেখ করেন তিনি।