পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

টোল নীতিমালা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে

Posted on March 25, 2014 | in জাতীয় | by

obaidul-kader-newঢাকা: জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়কে এখনই টোল আদায় হবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মন্ত্রিসভায় অনুমোদিত ‘টোল নীতিমালা-২০১৪’ নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। এ কারণে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে সংবাদটি এসেছে। এতে জনমনে প্রতিক্রিয়া হয়েছে। নতুন করে সড়ক-মহাসড়কে টোল আদায় হবে না।’  মঙ্গলবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এসময় তিনি আরও বলেন, ‘ব্যয়বহুল, নিরাপদ ও মানসম্মত সড়ক অবকাঠামো নির্মাণ, পুনর্নিমাণ, সংরক্ষণ, সংস্কার অথবা মেরামত ও সম্প্রসারণের জন্য সড়ক অবকাঠামোর ওপর টোল আদায় করা হয়ে থাকে।’ বর্তমানে দেশে ৩টি সড়ক, ৬১টি সেতু এবং ৫০টি ফেরিঘাটে টোল আদায় হয়। সড়ক তিনটি হলো- চট্টগ্রাম পোর্ট এক্সেস রোড, উত্তরবঙ্গের হাটিকুমরুল-বনপাড়া সড়ক এবং ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের রুস্তমপুর থেকে সিলেটের জাফলং পর্যন্ত সড়ক। তিনি বলেন, ‘১৯৫১ সালের টোল অ্যাক্ট অনুযায়ী জারি করা বিভিন্ন প্রজ্ঞাপন এবং আদেশের মাধ্যমে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে সড়ক ও সেতুগুলোতে টোল আদায় হচ্ছে। এতে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই টোল নীতিমালা-২০১৪ প্রণয়ন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই নীতিমালার মাধ্যমে নতুন করে কোনো জাতীয় ও আঞ্চলিক  মহাসড়ক, ও জেলা সড়কে টোল আরোপ করা হচ্ছে না। তবে নতুন করে কোনো সড়ক নির্মাণ হলে সে সড়কে টোল আদায় করার কথা বিবেচনা করবে সরকার।’ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সড়কসেতু ও ফেরির বর্তমান ইজারা চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে টোল নীতিমালা অনুযায়ী নতুন করে ইজারা দেয়ার উদ্যোগ নেয়া হবে। সড়কের ও যানবাহনের শ্রেণীভেদে টোল নেয়া হবে।’

তিনি জানান, নতুন টোল নীতিমালা-২০১৪ অনুযায়ী ২শ’ ( দুইশ’) মিটারের নিচের সকল সেতু টোলের আওতামুক্ত রাখা হয়েছে। তবে ফেরিরস্থলে নতুন স্থায়ী সেতু নির্মিত হলে দৈর্ঘ্য নির্বিশেষে কমপক্ষে এক বছর পর্যন্ত টোল আদায়যোগ্য হবে। প্রসঙ্গত, গতকাল সোমবার মন্ত্রিসভায় ‘টোল নীতিমালা-২০১৪’ অনুমোদন শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। মন্ত্রিসভায় সড়ক-মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud