May 8, 2026
নিউজ ডেস্ক : ৯ জেলা থেকে নারী ও শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যেসব জেলা থেকে লাশগুলো উদ্ধার করা হয় তা হলো চট্টগ্রাম ২, রাজবাড়ি ৩, পাবনা ১, চুয়াডাঙ্গা ১, সুনামগঞ্জ ১, খুলনা ১,যশোর ২, ঝিনাইদহ ১ এবং ব্রাহ্মণবাড়িয়া ১ । এর মধ্যে চট্টগ্রামে মা-মেয়েকে গলা কেটে এবং রাজবাড়ীতে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামের হালিশহর থানার আগ্রাবাদে সিডিএ এলাকায় মা রিজিয়া বেগম (৩৫) ও মেয়ে সাইমা আক্তার (১৮) কে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক ঘটনায় দুইজনকে গুলি করে এবং অপরজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- দুলাল খন্দকার (৪৮), ফিরোজ খন্দকার (৪০) এবং একই উপজেলার সরিষা ইউনিয়নের বনগ্রাম মাঠে অজ্ঞাত পরিচয়ের (৩২) এক লাশ । পাবনা প্রতিনিধি জানান, জেলার রাজাপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন।
অন্যদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদার চারুলিয়ায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রতিনিধি। খুলনা ব্যুরো অফিস জানায়, দীঘলিয়া উপজেলায় নাসিমা বেগম (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার হাজীগ্রামে নিজ ঘরে ওই নারীকে হত্যা করা হয়। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জের জগন্নাথপুরে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
যশোর প্রতিনিধি জানান: সোমবার সকাল ১১টায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার রূপদিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে, জেলার সদর উপজেলায় আট বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাবিনা ইয়াসমিন সদর উপজেলার এড়েন্দা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে এবং তৃতীয় শ্রেণীর ছাত্রী।
ঝিনাইদহ প্রতিনিধি জানান: ঝিনাইদহের সদর উপজেলার বদনপুর গ্রামে চান্নু মন্ডল নামে এক কৃষককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে বদনপুরের পার্শ্ববর্তী হামদহডাঙ্গা গ্রামের মাঠে একটি গাছে তার হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা সিগন্যাল কেবিনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
এলাকাবাসী সোমবার সকালে রেললাইনের পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তার নাম ঠিকানা জানাতে পারেনি।
আখাউড়া রেলওয়ে থানার ওসি সাইদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদ থেকে পড়ে এ যুবকের মৃত্যু হয়েছে।