May 8, 2026
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। দেশের মানুষ বিভিন্ন নির্বাচনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে।রোববার সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শাহাবুদ্দিন ইয়াকুুব কুরায়েশীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান।শেখ হাসিনা বলেন,সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাংবিধানিক ধারাবাহিকতা অনুসারে অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) গঠন করেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ব্যতীত অতীতের কোন সরকার এভাবে নির্বাচন কমিশন গঠন করেনি। তারা নিজেদের পছন্দের কমিশন গঠন করতো।সভায় ভারতের সাবেক সিইসি গত ৫ জানুয়ারি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সাবেক সিইসি বলেন, ভারতীয় উপমহাদেশের এক বিলিয়ন ভোটার সব সময়ই বৈশ্বিক গণতন্ত্রের একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে আসছে।
এ অঞ্চলের দেশগুলো নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে উল্লেখ করে কুরায়েশী বলেন, এ সাফল্য বিস্ময়কর।ভারতের সাবেক সিইসি এ সাক্ষাতে তার মেয়াদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।সভায় রাষ্ট্রদূত-এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরণ উপস্থিত ছিলেন। এদিকে, রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদকে নতুন র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নিজস্ব র্যাঙ্ক ব্যাজ প্রবর্তন করা হয়েছে। তাদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে সীমান্ত বাহিনীর পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে পদের সঙ্গে সংগতি রেখে আজ এ র্যাঙ্ক ব্যাজ প্রবর্তন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, বিজিবি’র বিভিন্ন পদমর্যাদার অন্যান্য কর্মকর্তাকেও এ অনুষ্ঠানে র্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দেয়া হয়।শাকিল বলেন, এ র্যাঙ্ক ব্যাজ প্রবর্তনের মাধ্যমে বিজিবি’র মত একটি চৌকষ বাহিনীর দীর্ঘ দিনের দাবি পূরণ হলো।
বাংলাদেশ সেনাবাহিনী থেকে ডেপুটেশনে আসা বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের প্রধান র্যাঙ্ক ব্যাজ অপরিবর্তিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অন্যান্য বাহিনীর সংগে সঙ্গতি রেখে বিজিবি’র নিজস্ব র্যাঙ্ক ব্যাজ প্রবর্তন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, স্বরাষ্ট্র সচিব সিকিউকে মুশতাক আহমেদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।