পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এবার ইউসিবি ও ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং গ্রাহকরা ভোগান্তিতে

Posted on February 14, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

0111_25891চট্টগ্রাম : নেটওর্য়াকের সমস্যার কারণে টানা সপ্তাহ ধরে মোবাইল ব্যাংকিং সেবায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনাইটেট কমার্সিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবসিডিয়ারি কোম্পানি  ইউ ক্যাশ ও ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং গ্রাহকরা। কবে নাগাদ এ সমস্যা সমাধান হবে তা সঠিকভাবে বলতে পারছে না দুই ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। চট্টগ্রামের একটি সরকারি কলেজের অধ্যাপক মাহফুজ আহমদ বলেন, গত কয়েকদিন পর্যন্ত এম ক্যাশে লেনদেন করতে পারছেন না। ফলে কয়েকজনকে কথা দিয়েও এম ক্যাশে টাকা পাঠাতে পারেননি এই শিক্ষক। ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি ইউক্যাশ-এর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ বলেন, বিষয়টি ঢাকা হেড অফিসে জানানো হয়েছে। এখন নেটওয়ার্ক উন্নয়নের কাজ চলছে। সাময়িকভাবে একটু সমস্যা হবে। তবে দ্রুত ঠিক হয়ে যাবে। অবশ্য তিনি গ্রাহকদের এক সপ্তাহের এই ভোগান্তির কথায় দ্বিমত পোষণ করে বলেন, গত ২৪ ঘন্টা ধরে আমরা এই সমস্যা দেখতে পাচ্ছি। কবে নাগাদ ঠিক হবে তাও সঠিকভাবে বলতে পারছেন না এই কর্মকর্তা।

বৃহত্তর চট্টগ্রামে ইউ ক্যাশ‘র গ্রাহক সংখ্যা জানতে চাইলে সরাসরি হেড অফিসের নিষেধ আছে বলে জবাব দেন। সরেজমিনে চট্টগ্রামের বেশ কিছু  ইউক্যাশ এজেন্টের সাথে আলাপ করে জানাগেছে, অনেক চেষ্টা করেও টাকা এক মোবাইল থেকে অন্য মোবাইলে পাঠাতে পারছেন না। আবার নিজস্ব ইউক্যাশ একাউন্ট থেকে টাকা তুলতে এসে রাগে ক্ষোভে ফুঁসে উঠছেন। একইভাবে ডাচ-বাংলা ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং গ্রাহকরা অভিযোগ করেন।

ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং-এর লেনদেন সমস্যার ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা ফসিউল আলম  বলেন, আমাদের সমস্যাটা এক দিনের। আর এটা হচ্ছে মোবাইল কোম্পানিগুলোর কারণে। মোবাইল নেটওয়ার্কে সমস্যা হলে এমক্যাশ লেনদেনে সমস্যা হয়। তাছাড়া এমক্যাশের সার্ভারে কাজ চলছে বলে আঞ্চলিক এই কর্মকর্তা স্বীকার করেন। তবে তিনিও কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সঠিক কোন উত্তর দিতে পারেননি। ইউ ক্যাশ-এর চট্টগ্রাম আইটি কর্মকর্তা  রহিম উদ্দিন বলেন, প্লাটফর্ম ও নেটওয়ার্কের কারিগরি উন্নয়নের কারণে গ্রাহকরা সাময়িক ভোগান্তিতে পড়েছেন। কবে সমস্যার সমাধান হবে জানতে চাইলে তিনি বলেন, নির্ধারিত তারিখ বলা যাবে না। কাজ চলছে, আশা করি অতিদ্রুত এই সমস্যার সমাধান হবে।

তবে চট্টগ্রামে ইউক্যাশ-এর সমস্যার ব্যাপারে ভিন্ন ধারনাও দিচ্ছেন ইউক্যাশ-এর চট্টগ্রাম‘র আঞ্চলিক কর্মকর্তা  ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কান টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট ম্যাচের টিকেট বিক্রি করা হচ্ছে ইউ ক্যাশের মাধ্যমে। নগরীর হালিশহর ও দামপাড়া ব্রাঞ্চের মাধ্যমেই  বাংলাদেশ-শ্রীলঙ্কান টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট ম্যাচের টিকেট পাওয়া যাচ্ছে। ক্রিকেট খেলার দর্শক ও ইউ ক্যাশ গ্রাহকরা একই সময়ে চার্জ করার কারণে সার্ভারে সমস্যা দেখা দেয়। নেট পাওয়া যায় না।

উল্লেখ্য: ২৮টি ব্যাংককে এ সেবা চালুর অনুমতি দেওয়া হলেও এই পর্যন্ত ১৯টি ব্যাংক মোবাইলে ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেলের গ্রাহকরা রেজিস্ট্রেশন করে সেবাটি নিচ্ছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud