পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রধানমন্ত্রী ‘হত্যাকাণ্ড’ উস্কে দিচ্ছেন: ফখরুল

Posted on February 7, 2014 | in রাজনীতি | by

1391769236ঢাকা :  প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  এজন্য শেখ হাসিনাকে একদিন জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। শুক্রবার এক আলোচনা সভায় ফখরুল বলেন, “প্রতিদিন বিনা বিচারের বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। “এসব বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী আত্মরক্ষার কথা বলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছেন, উস্কে দিচ্ছেন। এসব হত্যাকাণ্ডের জন্য তাকে ও তার সরকারকে একদিন জবাবদিহি করতে হবে।” নির্বাচনের পর চলমান যৌথঅভিযানের সমালোচনা করে আসছে বিএনপি। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, অভিযানে যারা আটক হচ্ছেন, তারা চিহ্নিত সন্ত্রাসী।
নয়া পল্টনে ১৯ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কার্যালয়ে যুব জাগপার নেতা নিহত মাসুদ রায়হানের স্মরণে আলোচনা সভায় ফখরুল যৌথঅভিযানের নামে ‘হত্যাকাণ্ডের’ কয়েকটি ঘটনার কথা তুলে ধরেন। “গতকাল সিরাজগঞ্জে বিএনপির একজনের লাশ পাওয়া গেছে। তাকে ঢাকা হাই কোর্টের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছিল। কয়েকদিন আগে লক্ষ্মীপুরের এক নেতাকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র‌্যাব তুলে নিয়ে যায়। তাকেও বিনা বিচারের হত্যা করা হয়েছে।” “নীলফামারীতে আসাদুজ্জামান নূর সাহেবে গাড়ি বহরে হামলার ঘটনায় যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরও আইনশৃঙ্খলা বাহিনী হত্যা করেছে।”

বিএনপির বিরুদ্ধে সরকারের সহিংসতার অভিযোগের জবাবে ফখরুল বলেন, “আমরা কখনো সন্ত্রাস ও সহিংসতায় বিশ্বাস করি না। সন্ত্রাস করেছে আওয়ামী লীগ। তারা একতরফা নির্বাচন করতে এক মাসে ৩০০ মানুষকে হত্যা করেছে।” বিরোধী দলের সভা-সমাবেশে বাধা, নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদও জানান তিনি।

বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসীন হলেও তা টিকবে বলে মন্তব্য করেন ফখরুল। “এদেশে কোনো আন্দোলনই বিফলে যায়নি। কেবল সময় একটু লাগতে পারে। ভোটের অধিকার রক্ষার আন্দোলনে জনগণের বিজয় আসবেই।” বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, “৭২-৭৩ সালের ইনু সাহেব কোন দলে ছিলেন, তখন কোন সরকার উৎখাতে নেতৃত্ব দিয়েছেন, সেই পুরনো স্মৃতি তাকে একবার খুঁজে দেখতে বলব।”

বিএনপির দাবি মেনে নির্দলীয় সরকারে অধীনে নতুন নির্বাচন দেয়ার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সভায় ফখরুল ছাড়াও বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud