April 23, 2026
গাজীপুর: দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যানজট ও দুর্ঘটনার বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ আরো জোরদার করা হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা হবে আপসহীন। শনিবার সকালে গাজীপুরের সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চারলেন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী এ ঘোষণা দেন। মন্ত্রী আরো বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের কাজ যতোটা এগিয়ে নেওয়ার লক্ষ ছিল তার থেকে আমরা পিছিয়ে আছি। সামনে পরিস্থিতি স্থিতিশীল হলে ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। আগামী অর্থবছরের মাঝামাঝি জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের চারলেনে উন্নীতকরণের কাজ শেষ হবে বলে তিনি আশা করেন।
তিনি আরো বলেন, সর্বক্ষেত্রেই দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান থাকবে। তার মন্ত্রণালয়ের ক্ষেত্রেও তিনি তা কঠোরভাবে অনুসরণ করবেন।
এ সময় সড়ক উন্নয়ন প্রকল্পে নিয়োজিত সেনা কর্মকর্তা, যোগাযোগ মন্ত্রণালয় ও সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।