April 21, 2026
ঢাকা: বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করা উচিত বলে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে একটি প্রস্তাব পাস করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ প্রস্তাব পাস করা হয়। প্রস্তাবে ৫ জানুয়ারি সাধারণ নির্বাচনের পর সারাদেশে ছড়িয়ে পড়া সহিংসতার নিন্দা জানিয়েছে ইইউ। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে তারা। একই সঙ্গে পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর পথ খুঁজতে সমঝোতার লক্ষ্যে সংলাপের তাগিদ দেয়া হয়েছে। বিলে নির্বিচারে গ্রেপ্তার হওয়া বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তি, যেসব দলের গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্য আছে তাদের মধ্যে পাস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি চালু এবং যেসব দল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তাদের নিষিদ্ধ করার পক্ষে মত দেয়া হয়েছে।
এছাড়া বিতর্কের সময় পার্লামেন্ট সদস্যরা বলেছেন, মানুষ যাতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারে সেই পথ অনুসন্ধানে সমঝোতার জন্য ইউরোপিয় ইউনিয়নকে পাশে থাকা উচিত। জানা গেছে, বাংলাদেশ নিয়ে এ বিতর্কে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সদ্য সমাপ্ত নির্বাচন, নতুন সরকার এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়গুলো উঠে আসে। বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান অ্যান মেইনের উপস্থাপনায় বিতর্কে অংশ নেন ব্রিটিশ এমপি রেহমান চিশতি, জনাথন অ্যাসওর্থ, জেরেমি করবিন এবং নিক ডি বয়েস।