April 21, 2026
ঢাকা: দৈনিক ইনকিলাব যে সংবাদ প্রচার করেছে তা গুজব ও মিথ্যাচার। তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ। এজন্য সাময়িকভাবে তাদের ছাপাখানা বন্ধ করা হয়েছে। স্থায়ীভাবে প্রকাশনা নিষিদ্ধ করা হয়নি। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির জরুরি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সকালে কর্নেল তাহের মিলনায়তনে দিনব্যাপী এ সভার শুরুতেই বক্তব্য রাখেন ইনু। ইনু বলেন, দৈনিক ইনকিলাবের বিষয়টি আইনগতভাবে দেখা হচ্ছে। তারা ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তিনি অভিযোগ করে বলেন, ভারতীয় বাহিনী দিয়ে অভিযান চালানোর খবর প্রকাশ করে যৌথবাহিনীকে কলঙ্কিত ও বাংলাদেশের জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে তারা।
প্রচারিত সংবাদের সত্যতা আছে বলে অনেকে দাবি করেছেন, আপনি কী মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মিথ্যাকথা। আদালতে প্রমাণ পাবেন। মন্ত্রী বলেন, নির্বাচন ও বিজয় হলেও বিপদ কাটেনি। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে আমাদের গুরুত্বপূর্ণ নেত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী জড়িত আছেন। যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদের মূলোৎপাটন করেই আমাদের যাত্রা সফল হবে। হাসানুল হক ইনু বলেন, নাশকতার অন্তর্ঘাত আড়াল করার চেষ্টা করে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন বিএনপি নেত্রী। তার শান্তিপূর্ণ কর্মসূচি ধোঁয়াশা ও ধুম্রজাল মাত্র। তিনি বৈধ সরকারকে অবৈধ বলেছেন। গণতন্ত্রের ক্লাবের বাইরে চলে গেছেন।
সংবাদ সম্মেলনে (বুধবার বিকেল ৪টায় হোটেল ওয়েস্টিনে) জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের সঙ্গত্যাগ করার ঘোষণা না দিয়ে তিনি সংঘাতের মধ্যেই রয়ে গেছেন। পরিস্কার-পরিচ্ছন্ন হননি। শান্তির পথে আসেননি। গণতন্ত্র ক্লাবে কাজ করার জন্য তাকে (খালেদা জিয়া) নাশকতা ও জঙ্গিবাদ ত্যাগের আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল, নাজমুল হক প্রধান, শিরিন আখতার প্রমুখ।